উত্তরবঙ্গে ক্ষোভের আগুন! ত্রাণ দিতে গিয়ে বিধায়ক মনোজ ওঁরাও আক্রান্ত, কেন্দ্রীয় বাহিনীর অস্ত্র ছিনতাইয়ের চেষ্টা

উত্তরবঙ্গে বিজেপি জনপ্রতিনিধিদের উপর হামলার রেশ যেন থামছেই না। বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার আক্রমণের শিকার হলেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাওঁ। মঙ্গলবার নিজের বিধানসভা কেন্দ্রে ত্রাণ সামগ্রী বিলি করতে গেলে স্থানীয়দের একাংশ তাঁর উপর চড়াও হয় বলে অভিযোগ উঠেছে।
বিধায়ক মনোজ ওরাওঁর অভিযোগ, এই হামলার নেপথ্যে রয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, যারা চক্রান্ত করে তাঁকে আক্রমণ করেছে এবং ত্রাণ বিলি করতে দেয়নি।
জওয়ানদের মারধর, অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা
মনোজ কুমার ওরাওঁ তাঁর দলীয় কর্মীদের নিয়ে বিত্তিবাড়িতে ত্রাণ সামগ্রী দিতে গিয়েছিলেন। সেখানেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো শুরু করে স্থানীয়রা এবং বিধায়ককে আটকে দেওয়া হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ জওয়ানরা বিধায়ককে রক্ষা করতে গেলে তাঁদের উপরও চড়াও হয় বিক্ষোভকারীরা।
বিধায়কের অভিযোগ, হামলাকারীরা কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীকে মারধর করে তাঁদের আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ারও চেষ্টা করে। লোহার রড দিয়ে জওয়ানদের উপর হামলার চেষ্টা করা হলে, কেন্দ্রীয় বাহিনী বন্দুক উঁচিয়ে ধরলে অনেকে পালিয়ে যায়। এই ঘটনায় দু’জন কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীও আহত হয়েছেন।
আহত ৩ মহিলা কর্মী, ভাঙচুর ২ গাড়িতে
পদ্মশিবিরের নেতার অভিযোগ, তৃণমূল কর্মীদের আক্রমণে বিজেপির তিন জন মহিলা কর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁদের মাথায় পাথর দিয়ে আঘাত করা হয়েছে। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিধায়কের সঙ্গে থাকা দু’টি গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ।
বিধায়ক মনোজ কুমার ওরাওঁ বলেন, “তৃণমূলের হার্মাদরা আমাদের উপর হামলা করল। তৃণমূল ত্রাণ দেবে না, আমাদেরও ত্রাণ দিতে দেবে না… আমাদের মেরে ফেললেও আমরা মানুষের পাশে থাকব।”
তৃণমূলের দাবি: জনরোষ
অন্যদিকে, এই আক্রমণের অভিযোগ অস্বীকার করে তৃণমূল এটিকে জনরোষ বলে দাবি করেছে। আলিপুরদুয়ারের তৃণমূলের জেলা সভাপতি প্রকাশ চিক বড়াইক বলেন, “সারা বছর সাধারণ মানুষ বিজেপির কাউকে কাছে পান না। সামনে ভোট। বিধায়ক ছবি তুলতে গিয়েছিলেন। তাই হয়তো সাধারণ মানুষ ক্ষোভপ্রকাশ করেছেন।”
প্রসঙ্গত, গতকালই নাগরাকাটায় ত্রাণ সামগ্রী দিতে গিয়ে এলাকাবাসীর হাতে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। সেই হামলাতেও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জড়িত বলে অভিযোগ তোলে বিজেপি। সাংসদ খগেন মুর্মু বর্তমানে শিলিগুড়ির একটি হাসপাতালে চিকিৎসাধীন। এদিন তাঁকে হাসপাতালে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যেই ফের বিজেপি বিধায়কের উপর হামলার ঘটনা উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াল।