“রাজীব কুমার দিল্লি যাওয়ার জন্য ব্যাগ গুছিয়ে রাখুন…”-DGP-কে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

উত্তরবঙ্গে দুর্যোগে ত্রাণ বিলি করতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষকে দেখতে মঙ্গলবার হাসপাতালে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাসপাতাল থেকে বেরিয়েই তিনি রাজ্য পুলিশ এবং ডিজিপি রাজীব কুমারের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করলেন। শুভেন্দুর এই সফর ঘিরে রাজনৈতিক উত্তাপ চরমে, অন্যদিকে এই ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে শুরু হয়েছে ট্যুইট-যুদ্ধ।
হাসপাতাল থেকে বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী রাজ্য পুলিশের প্রধান, ডিজিপি রাজীব কুমারের বিরুদ্ধে তোপ দাগেন। অত্যন্ত কঠোর ভাষায় তিনি বলেন, “জলপাইগুড়ির এসপি, ডিজিপি রাজীব কুমার দিল্লি যাওয়ার জন্য ব্যাগ গুছিয়ে রাখুন। স্পিকারের ডাক আসবে।”
তিনি আরও বলেন, “২৬-এ এই রক্তের বদলা হবে সুদ সহ। বাংলা উসুল করবে। ভারতীয় জনতা পার্টি আসার ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা হবে।” শুভেন্দু অধিকারীর দাবি, ইতিমধ্যেই তফসিলি জাতি (ST) কমিশন এই ঘটনায় হস্তক্ষেপ করেছে। পাশাপাশি, লোকসভার সচিবালয়ের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রকে চিঠিও পাঠানো হয়েছে।
এর আগে শুভেন্দু সকালে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায় খগেন মুর্মুর চোখ ও নাকের নীচে ব্যান্ডেজ করা হয়েছে।
হাসপাতালে মমতা: ‘পর্যবেক্ষণে রাখা হয়েছে, ডায়াবেটিস বেশি’
শুভেন্দু অধিকারীর পৌঁছানোর আগেই এদিন হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খগেন মুর্মুর শারীরিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন তিনি এবং দ্রুত আরোগ্য কামনা করেন।
হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মমতা বলেন, “আর এমনি ঠিক আছে। আমি ডাক্তারের রিপোর্ট এবং সবকিছু দেখেছি। আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। আসলে ওর ডায়াবেটিস রয়েছে। ডায়াবেটিস বেশি থাকলে কন্ট্রোল করার প্রয়োজন হয়। ওর কানের পিছনে লেগেছে… ওর সঙ্গে কথা হয়েছে।”
সাংসদ-বিধায়কের ওপর হামলার ঘটনা নিয়ে নিজের ক্ষোভ উগরে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক্স-এ লেখেন, “বন্যা ও ধসে ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করতে গিয়ে আমাদের দলের বিধায়ক, সাংসদরা যে নৃশংস আক্রমণের শিকার হয়েছে, তা মর্মান্তিক এবং নিন্দনীয়। এই ঘটনা তৃণমূলের অমানবিকতা এবং রাজ্যের শোচনীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্পষ্ট ভাবে তুলে ধরছে।”
প্রধানমন্ত্রীর আক্রমণের পাল্টা দিতেও দেরি করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স-এ লেখেন, “অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক, প্রাকৃতিক বিপর্যয়কে সামনে রেখে রাজনীতি করছেন প্রধানমন্ত্রী। প্রমাণিত তথ্য, তদন্ত বা প্রশাসনিক রিপোর্ট ছাড়া সরাসরি তৃণমূল ও রাজ্য সরকারকে দোষারোপ করেছেন। এটা শুধু রাজনৈতিক শালীনতার নয়, বরং সাংবিধানিক নীতিরও লঙ্ঘন।” রাজ্য সরকারের বক্তব্য শোনার জন্যও তিনি প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানান।
উত্তরবঙ্গের এই রাজনৈতিক টানাপোড়েন প্রমাণ করল, দুর্যোগের কঠিন পরিস্থিতিতেও রাজ্যের রাজনীতিতে বিন্দুমাত্র কমেনি সংঘাতের তীব্রতা।