‘৭২ ঘণ্টা রেলকে, ১৬ ঘণ্টা আমাকে দেবে!’ ক্লান্ত স্বামীর উপর কেন এভাবে চিৎকার করছেন স্ত্রী

পেশাদারি জীবনের সঙ্গে পারিবারিক জীবনের সংঘাত সমাজে নতুন নয়, কিন্তু সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও সেই বিতর্ককে নতুন করে উসকে দিয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ৭২ ঘণ্টার দীর্ঘ শিফট শেষ করে এক রেলকর্মী বাড়ি ফেরার পরই তাঁর স্ত্রী তাঁর ওপর ক্ষোভ উগরে দিচ্ছেন।
স্ত্রীর অভিযোগ: ‘৭২ ঘণ্টা রেলকে, ১৬ ঘণ্টা বাড়িতে দেবে!’
ভাইরাল এই ভিডিও-তে ওই ব্যক্তির স্ত্রী-কে দেখা না গেলেও তাঁর ক্ষুব্ধ কণ্ঠস্বর শোনা যাচ্ছে। তিনি অভিযোগ করছেন, তাঁর স্বামী অফিসের কাজের জন্য বাড়িতে পর্যাপ্ত সময় দিচ্ছেন না। সংসারের যাবতীয় কাজ তাঁকে একাই সামলাতে হচ্ছে, সেই কারণেই তিনি রেগে গিয়েছেন।
স্ত্রীর কণ্ঠস্বর শোনা যাচ্ছে, “এই যে উনি এসেছেন। ৭২ ঘণ্টা রেলকে দেবেন, আর ১৬ ঘণ্টা বাড়িতে দেবেন। সারাদিন ঘরের সব কাজ আমিই করতে থাকি। চুপ করে আছো কেন এখন?”
ভিডিওতে ওই ব্যক্তিকে দেখে এতটাই ক্লান্ত এবং অবসন্ন মনে হচ্ছিল যে, স্ত্রীর রাগের উত্তরে একটি কথাও বলার মতো অবস্থায় তিনি ছিলেন না।
নেটিজেনদের প্রশ্ন: পুরুষের মানসিক স্বাস্থ্য কেন উপেক্ষিত?
এই ভিডিওটি প্রকাশ্যে আসার পরই বহু মানুষ রেলকর্মীর প্রতি সহানুভূতি জানিয়েছেন এবং পুরুষদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি কীভাবে সমাজে উপেক্ষিত হয়, সেই প্রশ্ন তুলে সরব হয়েছেন। অনেকে মনে করিয়ে দেন যে, পরিবারের প্রতি নিজেদের কর্তব্য পালনের জন্য অনেক পুরুষকেই নিজেদের ইচ্ছের বিরুদ্ধেও দীর্ঘ সময় ধরে পেশাদারি দায়িত্ব পালন করে যেতে হয়।
একজন মন্তব্য করেছেন, “ওনার ক্লান্ত চোখ দুটির দিকে একবার দেখুন।” আরেকজন লিখেছেন, “ওই ব্যক্তি চুপ করে আছেন। কারণ উনি হয়তো এই নাটক আগেও বহুবার দেখেছেন। এই পরিস্থিতিতে চুপ করে থাকাটাই যে সবথেকে নিরাপদ, সেটা উনি জানেন।”
তবে কিছু নেটিজেন আবার ওই স্ত্রীর দাবির সঙ্গেও সহমত পোষণ করেছেন। একজন লিখেছেন, “দু দিকই দেখে সমানভাবে বিচার করা উচিত। ওনার যেমন বিশ্রাম প্রয়োজন, সেরকমই ওনার পরিবারেরও ওনাকে প্রয়োজন।” এই ভিডিওটি আবারও কর্মজীবী পুরুষ এবং তাঁদের পরিবারের মধ্যে ভারসাম্য বজায় রাখার জটিল দিকটি সামনে নিয়ে এলো।