অলৌকিক ‘জীবিত কুণ্ডে’র জল! মা তারার আবির্ভাবের নেপথ্যে বণিক জয়দত্তের কাহিনি, জেনে নিন তারাপীঠের ইতিহাস!

মা তারার ‘আবির্ভাব তিথি’ উপলক্ষে আবারও উৎসবের মেজাজে সেজে উঠেছে তারাপীঠ। ভোর থেকেই এই বিশেষ তিথি ঘিরে মেতে উঠেছেন মন্দির কর্তৃপক্ষ এবং ভক্তরা। প্রচলিত বিশ্বাস অনুসারে, আশ্বিনের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে ঘটেছিল মা তারার আবির্ভাব। এই বিশেষ দিনটিতে দেবীকে মন্দিরের গর্ভগৃহ থেকে বার করে নিয়ে আসা হয় বিশ্রাম মঞ্চে ভক্তদের দর্শনের জন্য।

জীবিত কুণ্ডের জল ও রাজরাজেশ্বরী রূপ
প্রথা মেনেই সোমবার ভোরে তারাপীঠের মূল মন্দিরের গর্ভগৃহ থেকে বিগ্রহ বার করে আনা হয় বিশ্রাম মঞ্চে। এরপর জীবিত কুণ্ডের জল দিয়ে স্নান করানো হয় বিগ্রহটিকে। এরপরে মাকে পশ্চিম দিকে মুখ করে বসানো হয়। মনে করা হয়, ঝাড়খণ্ড সীমানার কাছে মুলুটিতে থাকা দেবী এবং তারাপীঠের মা তারা সম্পর্কে দুই বোন, তাই মুলুটির মন্দিরের অভিমুখে বসানো হয় তারার বিগ্রহ।

সকালে মঙ্গলারতির পর দেবীকে শীতল ভোগ নিবেদন করা হয়। সন্ধ্যায় আরতির পর অবশ্য বিগ্রহকে আবার মূল মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। সেখানে অভিষেকের পর শুরু হবে ভোগ রান্না। সন্ধ্যায় গর্ভগৃহে প্রবেশ করানোর পর দেবী রাজরাজেশ্বরী রূপে লক্ষ্মী মূর্তিতে পূজিত হন। রাতে দেওয়া হয় অন্নভোগ, যাতে থাকে খিচুড়ি, পোলাও, পাঁঠার মাংস, মিষ্টি, পায়েস ও দই। উৎসবের ভিড় সামলাতে মন্দির ও পুলিশ প্রশাসনের তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

আবির্ভাব তিথির নেপথ্যে অলৌকিক কাহিনি
মা তারার এই আবির্ভাব তিথির নেপথ্যে এক অলৌকিক কাহিনি প্রচলিত আছে। কথিত আছে, বাংলার পাল বংশের রাজত্বকালে জয়দত্ত সওদাগর নামে এক বণিক দ্বারকা নদীতে নৌকায় চড়ে বাণিজ্য করতে যাচ্ছিলেন এবং তিনি তারাপীঠে নোঙর করেন। সেই সময় তাঁর পুত্রের সাপের কামড়ে মৃত্যু হয়।

বণিকের এক পরিচারক রান্না করার জন্য শোল মাছ কেটে পাশের পুকুরে ধুতে গেলে পুকুরের জলের সংস্পর্শে কাটা শোল মাছটি জীবিত হয়ে পুকুরে চলে যায়। এই অলৌকিক ঘটনা দেখে জয়দত্ত মৃত পুত্রকে সেই পুকুরের জলে স্নান করালে আশ্চর্যজনকভাবে পুত্রও বেঁচে ওঠে। বণিক তখন ‘জয় তারা, জয় তারা’ বলতে থাকেন। সেই পুকুরটিই পরবর্তীকালে জীবিত কুণ্ড নামে পরিচিত হয়। সেই রাতেই জয়দত্তকে স্বপ্নে নির্দেশ দেন মা তারা। দিনটি ছিল শুক্লা চতুর্দশী। স্বপ্ন পেয়ে সেই দিনই বণিক জয়দত্ত তারাপীঠে মা তারার পুজো শুরু করেন।