হামাসকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করার হুঁশিয়ারি ট্রাম্পের, গাজায় রক্তবন্যা এড়াতে দ্রুত চুক্তির আহ্বান

গাজায় চলমান সংঘাত বন্ধের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার কড়া হুঁশিয়ারি দিলেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, তাঁর শান্তি পরিকল্পনা অনুযায়ী গাজায় ক্ষমতা ও নিয়ন্ত্রণ হস্তান্তর না করা হলে হামাসকে “সম্পূর্ণ ধ্বংস” করা হবে। হামাসের চুক্তিতে গড়িমসি দেখে ট্রাম্প এবার “ভয়াবহ রক্তপাত”-এর হুঁশিয়ারিও দিয়েছেন।
ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা এবং হুঁশিয়ারি
হামাসকে শান্তি চুক্তির জন্য রবিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন ট্রাম্প। হামাস রাজি হলেও, তা কার্যকর করতে এখনও কোনো পদক্ষেপ করেনি। এতেই ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট একের পর এক হুঁশিয়ারি দিয়ে চলেছেন। তিনি বলেন, ‘এটাই শেষ সুযোগ’, এবং ‘চুক্তি না করলে নরক যন্ত্রণা ভোগ করতে হবে।’
সোমবার ট্রুথ সোশালে ট্রাম্প লিখেছেন, “গত সপ্তাহে হামাস এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। মূল লক্ষ্য হলো বন্দিদের মুক্তি, গাজায় যুদ্ধের অবসান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ – পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা।”
তিনি সবাইকে দ্রুত পদক্ষেপ করার অনুরোধ জানিয়ে বলেছেন, “পরিকল্পনার প্রথম ধাপ এই সপ্তাহের মধ্যে সম্পন্ন করতে হবে। সময় খুব গুরুত্বপূর্ণ। না হলে ভয়াবহ রক্তপাত ঘটবে, যা কেউই চায় না।”
মিশরে বৈঠকে হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদল
শান্তি চুক্তির আলোচনা নতুন গতি পাওয়ায়, হামাসের নির্বাসিত গাজা প্রধান খলিল আল-হাইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল রবিবার রাতে শার্ম আল-শেখে আলোচনায় যোগ দিতে মিশরে পৌঁছেছে। অন্যদিকে, কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডার্মারের নেতৃত্বে ইসরায়েলি আলোচকদেরও সোমবার আলোচনায় যোগ দেওয়ার কথা।
গাজার ভবিষ্যৎ শাসনভার ট্রাম্পের হাতে?
ট্রাম্প দু’বছর ধরে চলা এই যুদ্ধ থামাতে ইসরায়েল, হামাস এবং সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে একটি ২০ দফা শান্তি চুক্তির প্রস্তাব দিয়েছেন। শুধু যুদ্ধ বিরতি নয়, যুদ্ধ বন্ধের পরে গাজার শাসনব্যবস্থা কেমন হবে, তারও রূপরেখা দেওয়া হয়েছে এই পরিকল্পনায়।
এই ২০ দফা পরিকল্পনায় ট্রাম্প জানিয়ে দিয়েছেন, যুদ্ধবিরতির পরে গাজার প্রশাসন সামলাবে একটি ‘অরাজনৈতিক প্যালেস্তেনীয় কমিটি’। তাতে থাকবেন প্যালেস্তাইনের বিশিষ্ট নাগরিক এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। এই কমিটির কাজ দেখভাল করবে ‘বোর্ড অফ পিস’ নামে একটি আন্তর্জাতিক সংস্থা। এর মাথায় থাকবেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট।