পাহাড়ে মহাবিপর্যয়, মিরিক-ফালাকাটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, প্রাণহানির ঘটনায় শোকাহত অভিষেক, কী বার্তা দিলেন দুর্গতদের?

একটানা বৃষ্টি এবং প্রবল ভূমিধসে যখন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলা বিপর্যস্ত, তখন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার স্পষ্ট বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নিজের ‘এক্স হ্যান্ডেল’-এ (পূর্বে টুইটার) প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে এই কঠিন সময়ে দলীয় কর্মীদের মানুষের পাশে থাকার বিশেষ নির্দেশও দিলেন।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মিরিক ও ফালাকাটা
অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর পোস্টে লেখেন, “দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির একাধিক এলাকায় লাগাতার বৃষ্টি ও ধসে ভয়াবহ পরিস্থিতি হয়েছে। মিরিক, জোরবংলো-সুখিয়াপোখরি এবং ফালাকাটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।” বহু মানুষের প্রাণহানির ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত বলে জানান।
তিনি আরও জানান যে, রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর, দার্জিলিং জেলা প্রশাসন এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা একযোগে উদ্ধার ও ত্রাণের কাজ চালাচ্ছেন।
তৃণমূল কর্মীদের প্রতি অভিষেকের বার্তা
দুর্গতদের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দৃঢ়তার সঙ্গে বার্তা দেন: “এই কঠিন সময়ে কেউ একা নন। আমরা সবাই একসঙ্গে আছি।”
তিনি তৃণমূল কংগ্রেসের প্রত্যেক স্বেচ্ছাসেবককে আহ্বান জানান, তাঁরা যেন দ্রুত দুর্গতদের পাশে দাঁড়ান এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন। তিনি বলেন, “সহানুভূতি ও দায়িত্ববোধ নিয়েই আমাদের এগোতে হবে।” তিনি আশ্বাস দেন, “সমবেত সাহস, মানবিকতা এবং মা দুর্গার আশীর্বাদেই আমরা একসঙ্গে এই বিপর্যয় কাটিয়ে উঠব।”
মুখ্যমন্ত্রীর নজরদারি ও ভুটানকে দায়
এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উত্তরবঙ্গের বৃষ্টি পরিস্থিতির উপর নিবিড়ভাবে নজর রাখছেন। তিনি মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্যের ডিজিপি, উত্তরবঙ্গের জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে একাধিক ভার্চুয়াল বৈঠক করেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন গৌতম দেব ও অনীত থাপার মতো উত্তরের জনপ্রতিনিধিরাও।
মুখ্যমন্ত্রী নিজেও এক্স হ্যান্ডেলে এই দুর্যোগের কারণ হিসেবে ভুটানকে দায়ী করেছেন। তিনি লেখেন, ‘গত রাতের কয়েক ঘণ্টায় প্রবল বৃষ্টি ও বাইরের বৃষ্টিতে আমাদের রাজ্যের নদীর জলস্তর বেড়ে যাওয়ায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। আমি গভীরভাবে উদ্বিগ্ন।’ তিনি জানিয়েছেন, তিনি নিজে পরিস্থিতির উপর নজর রাখছেন এবং আজ (সোমবার) মুখ্যসচিবকে নিয়ে উত্তরবঙ্গে যাচ্ছেন।
ইতিমধ্যেই শাসক দলের একাধিক জনপ্রতিনিধি নিজ নিজ এলাকায় ত্রাণ বিলির কাজ শুরু করেছেন।