‘ছেলে মারা যাচ্ছে আর মা কার্নিভাল করছে!’, উত্তরবঙ্গে পা রেখেই মমতাকে নিশানা শমীকের, তুমুল রাজনৈতিক উত্তেজনা!

প্রবল বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌঁছানোর আগেই সেখানে পৌঁছে গেলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সঙ্গে রয়েছেন সাংসদ রাজু বিস্ত। বাগডোগরা বিমানবন্দরে নেমেই শমীক ভট্টাচার্য সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীকে নিশানা করলেন।

উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়েই শমীক ভট্টাচার্য তীব্র কটাক্ষ করে বলেন, “ছেলে মারা যাচ্ছে আর মা কার্নিভাল করছে।”

পাহাড়ের বিপর্যয়ের জন্য তৃণমূলকে কাঠগড়ায়
বিজেপি নেতা শমীক ভট্টাচার্য এই প্রাকৃতিক বিপর্যয়ের জন্য সরাসরি তৃণমূল সরকারকেই কাঠগড়ায় তুলেছেন। তিনি অভিযোগ করেন, গত ১৪ বছর ধরে উত্তরবঙ্গে কোনও উন্নয়ন হয়নি। বরং উত্তরবঙ্গ বঞ্চনার শিকার হয়েছে এবং রাজ্য সরকার শুধুমাত্র উত্তরবঙ্গকে ব্যবহার করেছে।

শমীক ভট্টাচার্য কার্নিভালের প্রসঙ্গ টেনে মমতাকে তুলোধনা করে বলেন, “উত্তরবঙ্গকে বঞ্চনা করা হচ্ছে তার প্রমাণ গতকালই পাওয়া গেছে। কলকাতায় কার্নিভাল আর উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে হাহাকার।” তিনি আরও দাবি করেন, দক্ষিণবঙ্গের কিছু মানুষ, কিছু নেতা, কিছু হামলাকারী উত্তরবঙ্গে আসেন কেবল লুট করতে।

জমি, বালি ও পাথর লুঠের অভিযোগ
বিজেপি রাজ্য সভাপতি আরও বিস্ফোরক অভিযোগ তুলেছেন যে, উত্তরবঙ্গের জমি অবাধে ও দেদার লুঠ হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, “উত্তরবঙ্গের ডুয়ার্সে কত নেতা আমলার নামে জমি রেজিস্ট্রি হয়েছে খোঁজ নিন।”

তাঁর কথায়, “নদীর বালি, পাথর মাফিয়াদের জন্যই আজ এই প্রাকৃতিক বিপর্যয়।” তিনি বলেন, নদী থেকে অবৈধ পাথর-বালি তোলার জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে, পাশাপাশি জঙ্গল কেটে সাফ করে দেওয়া হয়েছে। শমীকের দাবি, বিগত ১৪ বছর ধরে উত্তরবঙ্গ লুট চলছে।

মৃতের সংখ্যা বেড়ে ৪০, মুখ্যমন্ত্রীর সফরের আগেই কটাক্ষ
দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার-সহ একাধিক এলাকা এখনও সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে এবং এই বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জন।

এই অবস্থায় আজ উত্তরবঙ্গ যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বাগডোগরা বিমানবন্দরে নেমে ডুয়ার্সের উদ্দেশ্যে রওনা দেন এবং রাজ্যের এই পরিস্থিতি নিয়ে কড়া ভাষায় কটাক্ষ করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী উত্তরবঙ্গের দিকে নজর রাখছেন এবং সব সময় খোঁজ নিচ্ছেন।