‘মানসিকভাবে শক্তিশালী থাকুন’, স্তন ক্যানসার জয় করে কাজে ফেরা নিয়ে মুখ খুললেন হিনা খান

একসময় ক্যানসারে আক্রান্ত হয়ে কাজ থেকে দীর্ঘ বিরতি নিতে বাধ্য হয়েছিলেন। হাসপাতালে কেটেছে কঠিন দিনগুলো। তবে বর্তমানে, সেই ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষ করে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী হিনা খান (Hina Khan)। শুধু মডেলিং আর অভিনয় নয়, ব্যক্তিগত জীবনেও তিনি পা রেখেছেন নতুন অধ্যায়ে—সম্প্রতি তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

ক্যানসার জয়ের পর কাজে ফেরা এবং জীবন সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি নিয়ে সম্প্রতি সংবাদসংস্থা এএনআই (ANI)-কে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন এই লড়াকু অভিনেত্রী।

ক্যানসার নিয়ে ভুল ধারণা ভাঙলেন হিনা
ক্যানসার আক্রান্তদের প্রতি সমাজের ধারণাকে ভুল প্রমাণ করেছেন হিনা। তিনি স্পষ্ট জানান:

“ক্যান্সারের রোগী হলে বাড়িতে বসে থাকতে হয় এবং তাদের জীবন শেষ হয়ে যায়, এমন ধারণা সম্পূর্ণ ভুল। প্রথম কিছু মাস হয়তো পরিস্থিতি একটু কঠিন হয়, তবে তার পরে আপনি আবার কাজে ফিরতে পারেন।”

হিনা বলেন, কাজে ফেরার জন্য দরকার সাহস, শক্তি এবং পরিবারের ভালোবাসা। তিনি দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, “আমি সবসময় অভিনয় করতে থাকব, যদি আমার শরীর আমার সঙ্গ দেয়।”

মানসিক শক্তিই আসল জয়
অভিনেত্রীর মতে, জীবনের কঠিন দিনগুলো অল্প সময়ের জন্য আসে, কিন্তু আসল সাহায্য মেলে ইচ্ছাশক্তি, মানসিক শক্তি এবং পরিবারের ভালোবাসা থেকে। তাঁর কথায়, “আপনার মানসিক শক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই নিজেকে মানসিকভাবে শক্তিশালী রাখুন এবং খুশি থাকুন। আপনি যদি মনে করেন যে এই ক্যানসার কিছুই নয়, তবে এটি সত্যিই কিছু হবে না।”

গত বছর জুন মাসে ইনস্টাগ্রামে আবেগপূর্ণ পোস্টের মাধ্যমে নিজের অসুস্থতার কথা প্রকাশ্যে এনেছিলেন হিনা। সেখানে তিনি লেখেন, “আমার থার্ড স্টেজের স্তন ক্যান্সার হয়েছে… আমি শক্তিশালী, দৃঢ়প্রতিজ্ঞ এবং এই রোগকে হারাতে সম্পূর্ণ প্রস্তুত।”

হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থাতেই নিজের জন্মদিন পালন করেছিলেন এই অভিনেত্রী। সেই সময়ে সাহসের ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, “এই সেই মেয়ে যে সব পরিস্থিতিতে হাসে… আমাদের সব পরিস্থিতিতে খুশি থাকতে হবে, যা কিছুই হোক না কেন।”

অনুরাগীদের প্রার্থনায় এবং নিজের অদম্য মানসিক জোরে ক্যানসার জয় করে হিনা খান এখন আবার ফিরেছেন তাঁর ভালোবাসার অভিনয় জগতে।