উৎসব শেষে ফের ময়দানে CBI! পার্থর পর এবার মানিক-বিভাস, প্রাথমিকে চাকরি-দুর্নীতিতে একের পর এক হাইপ্রোফাইল নাম!

রাজ্যজুড়ে প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগে চলা মেগা-দুর্নীতির তদন্তে এবার আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)। শুক্রবার আলিপুর ব্যাঙ্কশাল আদালতে প্রায় ৭০ পাতার এই চার্জশিট জমা দেওয়া হয়েছে। এই সাপ্লিমেন্টারি চার্জশিটে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে একাধিক হাইপ্রোফাইল ব্যক্তির নাম উঠে এসেছে, যা উৎসবের মরশুম শেষ হতেই রাজ্য রাজনীতিতে ফের তোলপাড় ফেলেছে।

কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে শুরু হওয়া এই মামলার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ফের সক্রিয় হয়েছে।

চার্জশিটে নাম কাদের?
সিবিআইয়ের পেশ করা এই ৭০ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিটে যে হাইপ্রোফাইল ব্যক্তিদের নাম রয়েছে, তাদের মধ্যে অন্যতম:

মানিক ভট্টাচার্য: প্রাথমিক শিক্ষা পর্ষদের (WBBPE) প্রাক্তন সভাপতি।

বিভাস অধিকারী: বীরভূমের প্রভাবশালী তৃণমূল নেতা।

রত্না চক্রবর্তী বাগচি: প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সেক্রেটারি।

সূত্রের খবর, একাদশীর দিনেই সিবিআই আধিকারিকরা ব্যাঙ্কশাল আদালতে এই গুরুত্বপূর্ণ চূড়ান্ত চার্জশিট জমা দেন।

পার্থর পর একের পর এক হাইপ্রোফাইল ব্যক্তি
শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে প্রথমে গ্রেফতার হন রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরপর তদন্ত যত এগিয়েছে, ততই একে একে উঠে এসেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সংক্রান্ত দুর্নীতির মূল চক্রী হিসেবে মানিক ভট্টাচার্য, যুব তৃণমূল নেতা কুন্তল চক্রবর্তী, এবং সুজয়কৃষ্ণ ভদ্রের মতো একাধিক গুরুত্বপূর্ণ নাম।

এই সর্বশেষ চার্জশিটে মানিক ভট্টাচার্যের সঙ্গে তৃণমূল নেতা বিভাস অধিকারীর নাম আসায় নিয়োগ দুর্নীতি মামলায় প্রভাবশালী যোগ আরও স্পষ্ট হলো বলে মনে করছে ওয়াকিবহাল মহল। চার্জশিটের ভিত্তিতে আগামী দিনে আদালতের পদক্ষেপ কী হয়, এখন সেদিকেই নজর সকলের।