“অসুর মহম্মদ ইউনূস, দেবীর হাতে নরমুণ্ড রূপে শেহবাজ শরিফ”—বিতর্কিত থিমে বাড়ছে ভিড়

উৎসবের মরসুমে একেবারে আন্তর্জাতিক রাজনৈতিক থিম তুলে ধরে রাজ্যজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে মুর্শিদাবাদের খাগড়া এলাকার সাধক নরেন্দ্র স্মৃতি সংঘের দুর্গাপূজা। এই মণ্ডপে অসুর রূপে দেখানো হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসকে। শুধু তাই নয়, দেবী দুর্গার হাতে থাকা নরমুণ্ডু হিসাবে জায়গা দেওয়া হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে।

পূজা মণ্ডপে প্রতিবেশী দেশের প্রধান এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বদের এমন বিতর্কিত রূপে তুলে ধরায় তুমুল চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই প্রতিমা দেখতে এবং এই অভিনব থিমের সাক্ষী হতে জেলা তো বটেই, বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নেমেছে খাগড়ার সাধক নরেন্দ্র স্মৃতি সংঘের মণ্ডপে।

রাজনৈতিক বার্তা নাকি বিতর্ক?
পুজো উদ্যোক্তারা মনে করছেন, এই থিমের মাধ্যমে তাঁরা বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে ‘অশুভ শক্তির বিনাশ’-এর বার্তা তুলে ধরতে চেয়েছেন। তবে এর ফলে কূটনৈতিক মহলে কিংবা দুই প্রতিবেশী দেশের রাজনৈতিক মহলে কোনো বিতর্ক সৃষ্টি হয় কিনা, সেদিকে নজর রাখছে ওয়াকিবহাল মহল।

অন্যদিকে, মুর্শিদাবাদের এই পুজো মণ্ডপটি এখন রীতিমতো ‘হিট’। এই রাজনৈতিক থিমই যেন মণ্ডপটিকে কেন্দ্র করে উৎসবের মরসুমে এক ভিন্ন ধরনের আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে।