ব্যর্থতার পর্ব শেষ! সুপার কাপের প্রস্তুতিতে গোয়া উড়ে যাচ্ছে কেরালা ব্লাস্টার্স, ৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘নতুন মিশন’

গত আইএসএল মরসুমে ধারাবাহিক হতাশাজনক পারফরম্যান্সের কারণে সমালোচনার মুখে পড়েছিল কেরালা ব্লাস্টার্স ফুটবল ক্লাব। সুইডিশ কোচ মিকেল স্ট্যাহর এবং তাঁর সাপোর্টিং স্টাফদের ছাঁটাই করার পর অন্তর্বর্তীকালীন কোচের হাতে জয়ের সরণিতে ফিরলেও, কলিঙ্গ সুপার কাপে ফের ধাক্কা খায় দলটি। স্প্যানিশ কোচ ডেভিড কাতলার তত্ত্বাবধানে ইস্টবেঙ্গলকে হারালেও, মোহনবাগান সুপার জায়ান্টের রিজার্ভ বেঞ্চের কাছে নাস্তানাবুদ হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল আদ্রিয়ান লুনাদের।

সেই বড় ধাক্কা ভুলে এবার নতুন মরসুমের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট।

নতুন মিশন: সুপার কাপের প্রস্তুতিতে গোয়া যাত্রা
আসন্ন সুপার কাপে ভালো পারফরম্যান্স করাই এখন কেরালার প্রধান লক্ষ্য। এই সর্বভারতীয় কাপ টুর্নামেন্টটি গোয়ার বুকে আয়োজিত হতে চলেছে। তাই সেই স্থানীয় পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে ব্লাস্টার্সরা গোয়াকেই বেছে নিয়েছে।

অবশেষে এই প্রস্তুতির সূচিতে সিলমোহর পড়ল। জানা গিয়েছে, আগামী ৭ই অক্টোবর সুপার কাপের প্রাক-মরসুম প্রস্তুতির জন্য কোচ ডেভিড কাতলার সহ গোটা দল গোয়া উড়ে যাচ্ছে। অক্টোবর মাসের প্রথম থেকেই প্রস্তুতি শুরু করার যে পরিকল্পনা ছিল, তারই বাস্তবায়ন হতে চলেছে এবার।

দলে বড় রদবদল: নজর শক্তিশালী ফুটবলারদের দিকে
গত মরসুমের ব্যর্থতার পর ম্যানেজমেন্ট দলে একাধিক পরিবর্তন এনেছে। কোচের নির্দেশ মতো দলের প্রভাব বিস্তারকারী একাধিক ফুটবলারদের দিকে নজর দিয়েছে ক্লাব। নতুন ফুটবলার দলে টানার পাশাপাশি, বেশ কয়েকজন বিদেশী ও দেশীয় তারকাদের রিলিজ করে দেওয়ারও পরিকল্পনা ছিল, সেই অনুযায়ী ফুটবলারদের বিদায় জানানো হয়েছে।

সমর্থকরা এখন আশা করছেন, ডেভিড কাতলারের নতুন কৌশল এবং নতুন ফুটবলারদের সক্রিয়তায় কেরালা ব্লাস্টার্স দ্রুত সাফল্যের মুখ দেখবে এবং আইএসএল-এর শিরোপার দৌড়ে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।