স্প্যানিশ কোচের হৃদয়ে শারদোৎসব, মা দুর্গার নামেই ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর কন্যার নাম ‘উমা’

সারা বাংলা যখন দুর্গোৎসবে মেতে উঠেছে, তখন সেই উৎসবের ছোঁয়া লেগেছে ইস্টবেঙ্গল (East Bengal) শিবিরেও। স্পেনের মানুষ হলেও, লাল হলুদ ব্রিগেড-এর হেডস্যার অস্কার ব্রুজোর (Oscar Bruzon) জীবনে এই দুর্গাপুজোর এক বিশেষ স্থান রয়েছে। এর কারণ, তাঁর কন্যার নাম!

এই উৎসবের আবহে ইস্টবেঙ্গল কোচ প্রকাশ্যে এনেছেন তাঁর মেয়ের নাম—যা আসলে দেবী দুর্গার (Maa Durga) আরেক নাম।

“আমার মেয়ের নাম উমা, মা দুর্গার নামে”
বাঙালির এই প্রিয় উৎসব নিয়ে অস্কার ব্রুজো তাঁর ব্যক্তিগত অনুভূতির কথা জানিয়েছেন। তিনি বলেন, “আমার কন্যার নাম উমা। যা আদতে মা দুর্গারই আরেকটি নাম। তাই আমার মেয়ের নাম উমা রাখা হয়েছে মা দুর্গার নামে।”

ব্রুজো আরও জানান, শারদোৎসব (Sharadotsav) তাঁর হৃদয়ের বিশেষ একটি স্থান দখল করে রয়েছে। ইস্টবেঙ্গল পরিবারের তরফ থেকে সকলকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানান তিনি। আগামী ৮ নভেম্বর দু-বছরে পা দেবে ছোট্ট উমা। অস্কার যখন বাংলাদেশের ফুটবল ক্লাব বসুন্ধরা এফসির কোচ ছিলেন, তখনই উমার জন্ম হয়।

ভারতেই আলাপ, তাই ভারতীয় নাম
অস্কার ব্রুজো জানিয়েছেন, আগেও তিনি দুর্গা প্রতিমা দর্শন করেছেন। জানা গিয়েছে, তাঁর স্ত্রী ইরার (Wife Ira) সঙ্গে ভারতেই তাঁর আলাপ হয়। সেই সময় তিনি স্পোর্টিং ক্লাব দ্য গোয়ার কোচ ছিলেন। পরে মেয়ের জন্মের পর তাঁরা ঠিক করেন যে, মেয়ের জন্য ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত কোনও নামই বেছে নেবেন। সেই ভাবনা থেকেই মেয়ের নাম রাখেন ‘উমা’।

এদিকে, দুর্গাপুজো উপলক্ষে আপাতত ২-৩ দিনের ছুটি পাচ্ছেন লাল হলুদ ফুটবলাররা। এই উৎসবের দিনগুলিতে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোর পরিবারও যে বাঙালির আবেগের সঙ্গে যুক্ত, তা তাঁর এই মন্তব্যে আরও স্পষ্ট হলো।