উত্তরাখন্ডে প্রশ্নফাঁস কাণ্ডে তোলপাড়, ‘রাজনৈতিক স্বার্থে প্ররোচনা’য় পা না দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী ধামীর, SIT তদন্তের নির্দেশ

গত শনি ও রবিবার উত্তরাখন্ডের সরকারি চাকরির পরীক্ষা UKSSSC-তে (Uttarakhand Subordinate Service Selection Commission) চরম গাফিলতি এবং প্রশ্নফাঁসের অভিযোগে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। রাজধানী দেরাদুনে হাজার হাজার পরীক্ষার্থী আন্দোলনে নামেন। এই পরিস্থিতিতে এবার পরীক্ষার গাফিলতি ও প্রশ্নপত্র ফাঁস রুখতে কড়া পদক্ষেপ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী।
মুখ্যমন্ত্রী এই ঘটনার তদন্তভার বিশেষ তদন্তকারী দলের (SIT) হাতে তুলে দিয়েছেন। সেই সঙ্গে, এই কাণ্ড নিয়ে রাজনীতি করা হচ্ছে অভিযোগ করে আন্দোলনকারী যুব সম্প্রদায়কে কঠোর বার্তা দিয়েছেন তিনি।
পরীক্ষার্থীদের জন্য ধামীর কড়া বার্তা
আন্দোলন এবং রাজনৈতিক প্ররোচনা নিয়ে যুব সম্প্রদায়কে সতর্ক করে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী বলেন, “আমি যুব সম্প্রদায়কে বলতে চাই, কারা আপনাদের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তা ভালো করে যাচাই করে দেখুন। নিজেদের রাজনৈতিক স্বার্থে আপনাদেরকে যেন কেউ ব্যবহার না করে সেদিকে খেয়াল রাখুন।”
তিনি আরও বলেন, “আমরা এর আগে সম্পূর্ণ স্বচ্ছভাবে ২৫,০০০ চাকরির নিয়োগ করেছি। আগামীতেও তাই করব।” রাজনীতিতে পরীক্ষার্থীদের ব্যবহার করা হচ্ছে অভিযোগে দুঃখপ্রকাশ করে তিনি এই কাজকে ‘দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেন। রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রীর এই বক্তব্য মূলত কংগ্রেস নেতা রাহুল গান্ধী-সহ বিরোধীদের উদ্দেশ্যেই।
রাহুল গান্ধীর ‘পেপার চোর’ কটাক্ষ
এদিকে, সরকারি পরীক্ষায় কারচুপি ও প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে বিজেপি-কে নিশানা করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি সামাজিক মাধ্যম ‘এক্স’ (X)-এ ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, “দেশের বিভিন্ন জায়গায় প্রশ্নপত্র ফাঁস করে যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ নষ্ট করছে বিজেপি। উত্তরাখন্ডের UKSSSC পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস তারই উদাহরণ।” তিনি দাবি করেন, যুব সম্প্রদায় রাস্তায় নেমে “পেপার চোর, গদি ছোড়” বলে স্লোগান দিচ্ছে।
অভিযোগ শোনার জন্য SIT-এর বৈঠক
এদিকে, প্রশ্নফাঁসের অভিযোগ শোনা এবং তথ্য সংগ্রহের জন্য জনসাধারণের সঙ্গে বৈঠক করবেন তদন্তকারী আধিকারিকেরা। আগামী ২৭ সেপ্টেম্বর (শনিবার) হরিদ্বারের জেলা কালেক্টরেটের কনফারেন্স হলে এবং ২৯ সেপ্টেম্বর টিহরী গাড়োয়াল জেলার কালেক্টরেটের কনফারেন্স হলেও এই মর্মে বৈঠক হবে।
২০২৫ স্নাতক স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষার পরীক্ষার্থী এবং অভিভাবকদের এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। পরীক্ষার্থী, অভিভাবক, কোচিং সেন্টার এবং জনপ্রতিনিধিরাও তদন্তকারীদের কাছে নিজেদের প্রশ্ন ও অভিযোগ জানাতে পারবেন।