‘সার্জিক্যাল স্ট্রাইক’, রাহুল গান্ধীর মতোই ‘ভোট চুরি’ ফাঁসের হুঁশিয়ারি আদিত্য ঠাকরের

মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে ‘ভোট চুরি’র অভিযোগ তুলে ইতিমধ্যেই সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার তাঁর সুরেই কথা শোনা গেল শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) নেতা আদিত্য ঠাকরের মুখে। বৃহস্পতিবার মুম্বাইয়ে অনুষ্ঠিত ‘ইন্ডিয়া টুডে কনক্লেভ’-এ তিনি দাবি করেন, মহারাষ্ট্রের নির্বাচনে নির্বাচন কমিশনের বেনিয়মের বিষয়টি তিনি শিগগিরই ফাঁস করবেন। তবে নির্দিষ্ট সময় জানাতে রাজি হননি তিনি, বলেন— ‘সার্জিক্যাল স্ট্রাইকের সময় বলতে পারব না।’

আদিত্য ঠাকরে জানান, গত বছর হঠাৎ করে ভোটার সংখ্যা বৃদ্ধি নিয়ে তিনি ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন। নিখোঁজ ভোটার এবং বুথের অব্যবস্থাপনার কথাও তিনি চিঠিতে উল্লেখ করেছেন। খুব শিগগিরই সংবাদ সম্মেলন করে তিনি পুরো বিষয়টি জনসমক্ষে আনবেন।

এর আগে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও একের পর এক নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করেছেন। তাঁর বক্তব্য, নির্বাচন কমিশনের সঙ্গে যোগসাজশ করে বিজেপি ‘ভোট চুরি’ করছে। এই বিষয়ে সাংবাদিক বৈঠক করে তিনি বিভিন্ন নথি পেশ করেছেন এবং দাবি করেছেন, কর্নাটকে ভোটারদের নাম কাটা হয়েছে এবং মহারাষ্ট্রে ‘ভূতুড়ে ভোটার’ বেড়েছে। রাহুল সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিশানা করে ‘হাইড্রোজেন বোমা’ ফাটানোর হুঁশিয়ারি দিয়েছেন।

‘নেপো কিড’ এবং হিন্দুত্ব নিয়ে জবাব
রাজনৈতিক মহলে ‘নেপো কিড’ কটাক্ষেরও কড়া জবাব দিয়েছেন আদিত্য ঠাকরে। তিনি বলেন, “নিজের পারিবারিক পরিচয় নিয়ে আমি গর্বিত। দাদুর নাতি হতে পেরে গর্ববোধ করি। আমার রক্তে এই পরিচয় মিশে আছে। এই পেশার মাধ্যমেই কোটি কোটি মানুষের জীবন প্রভাবিত করতে পারি।”

একইসঙ্গে তিনি বিজেপির হিন্দুত্বেরও সমালোচনা করেন। আদিত্য ঠাকরে বলেন, “বিজেপির সঙ্গে থাকলে আমরা হিন্দু আর কংগ্রেসের সঙ্গে থাকলে নেই? উদ্ধব ঠাকরে তিনবার অযোধ্যায় গিয়েছেন। আমাদের দেশপ্রেম এবং হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়ার বিজেপি কে? আমি বিজেপির হিন্দুত্বের সঙ্গে একমত নই, যেখানে খাবারের জন্য কাউকে পুড়িয়ে হত্যা করা হয়। আমি একজন গর্বিত হিন্দু, কিন্তু বিজেপি আমাকে সার্টিফিকেট দিতে পারে না।”