‘কতটা অসংবেদনশীল হলে…’ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর পরেও মুখ্যমন্ত্রীর ডান্ডিয়া নাচ! তীব্র কটাক্ষ অমিত মালব্যের

কলকাতায় প্রবল বৃষ্টিতে জলমগ্ন অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জনেরও বেশি মানুষের মৃত্যুর ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান্ডিয়া নাচে অংশ নেওয়া নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। বুধবার ভবানীপুরের চক্রবেড়িয়ার পুজো মণ্ডপ উদ্বোধনে মুখ্যমন্ত্রীকে ডান্ডিয়ার তালে পা মেলাতে দেখা যায়।

বিজেপির আইটি (IT) শাখার প্রধান অমিত মালব্য এই ভিডিওটি তাঁর এক্স (X) হ্যান্ডেলে পোস্ট করে তীব্র কটাক্ষ করেছেন। তিনি লেখেন, “কলকাতায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ২৪ ঘন্টাও কাটেনি। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির স্বার্থে পুজো মণ্ডপ উদ্বোধনে ডান্ডিয়া নাচে মেতেছেন। কোনও মানুষ কতটা অসংবেদনশীল হলে এই কাজ করতে পারেন!” এর আগে বিজেপি এই ঘটনায় শাসকদলের গাফিলতি নিয়েও সরব হয়েছিল।

অন্যদিকে, বিজেপির এই কটাক্ষের পাল্টা জবাব দিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, বিজেপি কেবলমাত্র সমাজমাধ্যমের পোস্টে খালাস! কিন্তু মানুষের পাশে দাঁড়াতে বা পথে নেমে পরিস্থিতির মোকাবিলা করতে তাদের নেতা-কর্মীদের দেখা যায়নি।

শাসকদলের দাবি, মঙ্গলবার ৫ ঘণ্টার আকাশভাঙা বৃষ্টিতে কলকাতা জলমগ্ন হয়ে যাওয়ার পর কলকাতা পুরসভার মেয়র নিজে পথে নেমে জঞ্জাল সাফ করেছেন এবং পরিস্থিতি খতিয়ে দেখতে কার্যত শহরজুড়ে ছুটে বেরিয়েছেন। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কালীঘাটের নিজ বাসভবন থেকে জেলার পুজোর ভার্চুয়াল উদ্বোধনের সময় শহরবাসীর পাশে থাকার আশ্বাস দিয়ে সবাইকে সাবধানে থাকার পরামর্শ দেন।

তৃণমূলের অভিযোগ, বিজেপি নেতা-কর্মীরা এই জটিল পরিস্থিতিতে কেবল কলকাতা পুরসভা ও শাসকদলের গাফিলতি নিয়ে তির্যক মন্তব্য করার মধ্যেই নিজেদের সীমিত রেখেছেন, কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর কোনও উদ্যোগ নেননি।