‘উস্কানিমূলক মন্তব্য…’, লাদাখে হিংসার জন্য সোনম ওয়াংচুককে দায়ী করল মোদী সরকার

পূর্ণ রাজ্যের মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিতে বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে উঠেছে লাদাখ। নেপালের ‘জেন জ়ি’ (Gen Z) আন্দোলনের ধাঁচে ছড়িয়ে পড়া এই বিক্ষোভে নিরাপত্তাকর্মী ও জনতার মধ্যে সংঘর্ষে ৪ জন নিহত এবং প্রায় ৭০ জন আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে লেহ-তে কার্ফু জারি করেছে প্রশাসন। এই চরম উত্তেজনার জন্য কেন্দ্রীয় সরকার সরাসরি পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে দায়ী করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, সোনম ওয়াংচুকের ‘উস্কানিমূলক মন্তব্য’র কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কেন্দ্রীয় সরকারের দাবি, ওয়াংচুকের অনশন এবং বক্তৃতা বিক্ষোভকারীদের আরও উত্তেজিত করে তোলে, যার ফলে সরকারি অফিসে হামলা, অগ্নিসংযোগ এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের মতো ঘটনা ঘটে। এই সংঘর্ষে ৩০ জনের বেশি পুলিশ এবং সিআরপিএফ কর্মী আহত হয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, “২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টা নাগাদ অনশন মঞ্চ ছেড়ে উস্কানিমূলক বক্তৃতা দেন ওয়াংচুক। এতেই বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে একটি রাজনৈতিক দলের কার্যালয়ে এবং সিইসি লেহ-র সরকারি অফিসে হামলা চালায়।”
কী ঘটেছিল লেহ-তে?
বিক্ষোভ চলাকালীন উত্তেজিত জনতা লেহ-তে বিজেপির পার্টি অফিসে ভাঙচুর করে এবং পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাসের শেল ফাটায়। এর ফলস্বরূপ সংঘর্ষ আরও ভয়াবহ আকার ধারণ করে।
যদিও ওয়াংচুক দাবি করেন, এই হিংসা দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। তিনি বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানান, তবে একইসঙ্গে স্পষ্ট করে দেন যে তিনি কোনো হিংসাত্মক আন্দোলনকে সমর্থন করেন না। তবে কেন্দ্রের অভিযোগ, “হিংসার মধ্যেই তিনি অনশন ভেঙে অ্যাম্বুল্যান্সে চড়ে গ্রামে ফিরে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কোনও চেষ্টা করেননি।”
আন্দোলনের নেপথ্যের কারণ
লেহ-র অস্থিরতার মূলে রয়েছে প্রধানত চারটি দাবি। লাদাখের পৃথক রাজ্যের স্বীকৃতির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছে লেহ অ্যাপেক্স বডি (LAB)। গত ১০ সেপ্টেম্বর থেকে এই সংগঠনের দুই সদস্য অনশনে বসেছিলেন, যাদের শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই LAB-এর যুব শাখা ক্ষুব্ধ হয়ে বুধবার বিক্ষোভের ডাক দেয়। যদিও কেন্দ্র জানিয়েছে, আগামী ৬ অক্টোবর লাদাখের প্রতিনিধি দলের সঙ্গে একটি বৈঠক করার কথা রয়েছে।