ফেসবুকে একটি ‘হাসির ইমোজি’র ফল মৃত্যু! ঠাকুরদার মৃত্যু নিয়ে ঠাট্টায় তুমুল বচসা, তরুণকে কুপিয়ে খুন!

সামান্য একটি ফেসবুক ইমোজিকে কেন্দ্র করে শুরু হওয়া বচসা গড়াল এক নৃশংস হত্যাকাণ্ডে। গুজরাটের রাজকোটে ঠাকুরদার মৃত্যু নিয়ে ঠাট্টার প্রতিবাদ করায় ২০ বছর বয়সী এক তরুণকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত তরুণের নাম প্রিন্স কুমার, যিনি কর্মসূত্রে বিহার থেকে গুজরাটে এসেছিলেন এবং একটি কারখানায় কাজ করতেন। চার মাস আগে প্রিন্সের ঠাকুরদা রূপনারায়ণ বিন্দ মারা যান। ঠাকুরদার স্মরণে প্রিন্স একটি পোস্ট ফেসবুক স্টোরিতে শেয়ার করেছিলেন। সেই পোস্টেই অভিযুক্ত বিপিন কুমার একটি হাসির ইমোজি ব্যবহার করে।

এই হাসির ইমোজিকে কেন্দ্র করেই প্রিন্স ও বিপিনের মধ্যে প্রথমে বচসা শুরু হয়, যা ক্রমেই হাতাহাতিতে পৌঁছয়। এরপর ১২ সেপ্টেম্বর রাতে প্রিন্স যখন কারখানার বাইরে অটোতে বসেছিলেন, তখনই ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা করে বিপিন। কারখানার দিকে পালাতে গেলে আরেক অভিযুক্ত রাজিন্দর গোঁদ প্রিন্সের পথ আটকায়। এই সময়েই বিপিন তাঁকে কুপিয়ে খুন করে বলে অভিযোগ।

প্রিন্সের চিৎকার শুনে স্থানীয়রা ও কারখানার কর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত রাজকোট সিভিল হাসপাতালে নিয়ে যান। গুরুতর চোট পেলেও জ্ঞান থাকা অবস্থায় প্রিন্স পুলিশের কাছে পুরো ঘটনাটির বয়ান রেকর্ড করান। চারদিন চিকিৎসাধীন থাকার পর ২২ সেপ্টেম্বর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

সোমবার অভিযুক্ত বিপিন কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরেক অভিযুক্তের খোঁজে জোরদার তল্লাশি অভিযান চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।