পহেলগাম হামলার মূল ষড়যন্ত্র ফাঁস, লস্কর-ই-তৈবার সাহায্যকারী ইউসুফ কাটারিয়া গ্রেফতার

২২ এপ্রিল পহেলগামে টিআরএফ (TRF)-এর জঙ্গিদের নৃশংস হামলার ঘটনায় বড় সাফল্য পেল জম্মু কাশ্মীর পুলিশ। ওই হামলায় জড়িত পাক-জঙ্গিদের সবরকম সাহায্য ও গোপন আশ্রয় দেওয়ার অভিযোগে মহম্মদ ইউসুফ কাটারিয়া (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। কূলগাম জেলার বাসিন্দা কাটারিয়া, নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার (LeT) সঙ্গে যুক্ত ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
অপারেশন মহাদেব: তিন জঙ্গিকে নিকেশের পর এবার সাহায্যকারী গ্রেফতার
পুলিশ জানিয়েছে, গত জুলাই মাসে ‘অপারেশন মহাদেব’ চলাকালীন দাচিগাম জঙ্গলে যে তিন জঙ্গি নিকেশ হয়েছিল, কাটারিয়া তাদের কাশ্মীরে থাকা-খাওয়াসহ সবরকম সাহায্য করত। বুধবার এই কাটারিয়ার গ্রেফতারি সেনাবাহিনীর প্রায় ৯৬ দিনব্যাপী চলা অভিযানের পর একটি বড় অগ্রগতি।
উল্লেখ্য, ২২ এপ্রিলের পহেলগাম হামলার সঙ্গে জড়িতদের পাকড়াও করার জন্য ভারতীয় সেনা দীর্ঘদিনের অভিযান চালিয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে দাচিগাম জঙ্গলে ড্রোনের মাধ্যমে জঙ্গিদের অবস্থান ট্র্যাক করা হয়।
এরপর ২৮ জুলাই সকালে পুরো এলাকা ঘিরে ফেললে জঙ্গিরা গুলি ছুঁড়তে শুরু করে। প্রায় ৬ ঘণ্টা ধরে চলা এই গুলির লড়াইয়ে ৩ জঙ্গি খতম হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছিল একটি AK-47, গ্রেনেড এবং একটি IED, যা ঘটনাচক্রে পহেলগাম হামলায় ব্যবহৃত হয়েছিল। এই অভিযানে নিকেশ হওয়া পাক-জঙ্গিদেরই স্থানীয়ভাবে সাহায্য করত কাটারিয়া। এই গ্রেফতারি জঙ্গিদের স্থানীয় যোগাযোগ এবং সহায়তাকারীদের নেটওয়ার্ক ভেঙে দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে নিরাপত্তা সংস্থাগুলি।