“না জানিয়েই জুবিনকে নিয়ে যাওয়া হয়”-দাবি সিঙ্গাপুরের ফেস্টিভ্যাল উদ্যোক্তার

জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে তাঁর অসংখ্য অনুরাগী শোকস্তব্ধ। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে এই তারকা অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, শেষরক্ষা হয়নি। জুবিনের মৃত্যুর পর তাঁর স্কুবা ডাইভিংয়ের কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ভিডিওগুলির সত্যতা নিয়ে প্রশ্ন ওঠায় অসম সরকার সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
একটি ভিডিওতে দেখা যায়, জুবিন লাইফ জ্যাকেট পরে ইয়ট থেকে জলে ঝাঁপ দিচ্ছেন। কিন্তু দ্বিতীয়বার যখন তিনি জলে নামেন, তখন তিনি লাইফ জ্যাকেট খুলে ফেলেছিলেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও একটি সাংবাদিক সম্মেলনে এই ভিডিওর কথা তুলে ধরেছেন। তিনি বলেন, সম্ভবত লাইফ জ্যাকেট পরে সাঁতার কাটতে অস্বস্তি হওয়ায় জুবিন সেটি খুলে ফেলেছিলেন, যা তাঁর জীবনের ঝুঁকি বাড়িয়ে দেয়। অনেকেই মনে করছেন, লাইফ জ্যাকেট না পরে জলে নামাই তাঁর মৃত্যুর কারণ হতে পারে।
যদিও জুবিনের মৃত্যুর আসল কারণ এখনও অজানা। সিঙ্গাপুরের হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এদিকে, জানা যাচ্ছে, জুবিন নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে গান গাইতে সিঙ্গাপুরে গিয়েছিলেন। তবে অনুষ্ঠান আয়োজকরা অভিযোগ করেছেন যে কোনো আগাম খবর না দিয়েই তিনি স্থানীয় কিছু মানুষের সঙ্গে ইয়ট ভ্রমণে বেরিয়ে পড়েন। জুবিনের মৃত্যুতে সঙ্গীত জগতে এক গভীর শূন্যতা তৈরি হয়েছে।