নিত্যযাত্রীদের মুখে হাসি ফুটবে? পরিষেবা নিয়ে ফের বড় ঘোষণা করলো মেট্রো

দুর্গাপূজার আগে মেট্রো যাত্রীদের জন্য দারুণ খবর! এবার থেকে গ্রীন লাইনে (হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ) মেট্রোর সংখ্যা বাড়ছে। এতদিন যেখানে ১৮৬টি মেট্রো চলত, এবার থেকে তার বদলে চলবে ২২৬টি মেট্রো। ফলে যাত্রীরা আরও সহজে এবং দ্রুত গন্তব্যে পৌঁছতে পারবেন।

এই পরিবর্তনের ফলে শুধু মেট্রোর সংখ্যাই বাড়ছে না, কমছে অপেক্ষার সময়ও। এতদিন যেখানে দুই মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান ছিল ৮ মিনিট, এবার থেকে তা কমে হবে মাত্র ৬ মিনিট। এই পদক্ষেপটি যাত্রীদের জন্য খুবই সুবিধাজনক হবে, বিশেষ করে ভিড়ের সময়ে। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যে, পুজোর মরসুমের ভিড় সামলাতে এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্য বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি বিশ্বকর্মা পুজোর দিন সিগন্যালিং সমস্যার কারণে গ্রীন লাইনে মেট্রো পরিষেবা প্রায় ২ ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ ছিল। হাওড়া এবং শিয়ালদহ স্টেশনে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়েছিল। টিকিট কাউন্টারের সামনে বিক্ষোভও দেখিয়েছিলেন নিত্যযাত্রীরা। মেট্রো কর্তৃপক্ষের এই নতুন সিদ্ধান্তটি সেই সমস্যার একটি সমাধান হিসেবে দেখা হচ্ছে, যাতে ভবিষ্যতে যাত্রীদের এমন ভোগান্তির শিকার হতে না হয়।