ইউক্রেন যুদ্ধে কতজন রুশ সেনা লড়ছে, জানালেন প্রেসিডেন্ট পুতিন

ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে বর্তমানে কতজন রুশ সেনা লড়ছেন, সেই সংখ্যা এবার প্রকাশ করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার মস্কোতে ‘টাইম অব হিরোস’ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি জানান যে, বর্তমানে রুশ সেনাবাহিনীর মোট ৭ লক্ষ সেনা সক্রিয়ভাবে যুদ্ধে অংশ নিচ্ছে। তিনি বলেন, যেকোনো অপারেশনের জন্য উপযুক্ত সেনাদের এই বিশাল বাহিনী থেকে বাছাই করা হয় এবং যারা স্বেচ্ছায় যেতে চান, তাদেরই অগ্রাধিকার দেওয়া হয়।

রাশিয়া সাধারণত তাদের সেনাবাহিনীর সদস্য সংখ্যা নিয়ে নিয়মিত তথ্য প্রকাশ করে না। এর আগে গত জানুয়ারি মাসে পুতিন জানিয়েছিলেন যে, সে সময় ৬ লক্ষ রুশ সেনা সক্রিয় ছিল। রুশ সংবাদমাধ্যম আরটি-র একটি প্রতিবেদন অনুযায়ী, গত বছর সেপ্টেম্বর মাসে প্রায় ২৪ লক্ষ নতুন সেনা রুশ বাহিনীতে যোগ দিয়েছে। তবে যুদ্ধে নিহত সামরিক কর্মকর্তাদের শূন্যপদ কীভাবে পূরণ করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি চলতি বছরের শুরুতে বলেছিলেন যে, ইউক্রেনীয় বাহিনীতে প্রায় ৯ লক্ষ সেনা রয়েছে। তবে গত ৯ মাসে ব্যাপক হতাহতের পর ইউক্রেন তাদের সেনার সংখ্যা নিয়ে কোনো নতুন তথ্য দেয়নি। উল্লেখ্য, ২০১৪ সালে ক্রিমিয়া দখল এবং ন্যাটোর সদস্যপদ নিয়ে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের উত্তেজনা শুরু হয়েছিল, যা ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়। এই দীর্ঘ যুদ্ধে হাজার হাজার সেনা নিহত হয়েছে এবং যুদ্ধ থামাতে দু’দেশের মধ্যে একাধিক বৈঠক হলেও, সংঘাত এখনও চলছে।