“এমন দুর্গা কেউ বানাতে পারে না’!”- প্রতিমার মুখ চুরি করে গণপিটুনি খেলেন শিল্পী

আসানসোলে ঘটেছে এক অদ্ভুত চুরির ঘটনা। এক শিল্পীর তৈরি প্রতিমার অপরূপ মুখ চুরি করেছেন আরেক শিল্পী। ঘটনাটি সামনে আসার পর অভিযুক্ত প্রীতম ঠাকুরকে ল্যাম্পপোস্টে বেঁধে মারধর করা হয়। আসানসোলের পালপাড়ার বাসিন্দা মৃৎশিল্পী বাপি পাল ও তাঁর স্ত্রী সোমা পাল আসন্ন দুর্গা পুজোর জন্য দুটি প্রতিমা প্রায় তৈরি করে ফেলেছিলেন, শুধু ‘ফিনিশিং টাচ’ বাকি ছিল। তাদের হাতের কাজের কদর রয়েছে গোটা এলাকা জুড়ে।
শুক্রবার সকালে কাজ করতে এসে বাপি পাল দেখেন, তার তৈরি দুটি প্রতিমারই মুখ উধাও। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। শুরু হয় খোঁজাখুঁজি। কিছুক্ষণ পরই চুরি যাওয়া দুটি মুখ এলাকারই আরেক মৃৎশিল্পী প্রীতম ঠাকুরের কারখানা থেকে উদ্ধার হয়। স্থানীয়রা তাকে ধরে ল্যাম্পপোস্টে বেঁধে বেধড়ক মারধর করে। অভিযুক্ত গণপিটুনির ভয়ে চুরির কথা স্বীকার করে নেয়।
জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানান, বাপি পালের তৈরি দুর্গা প্রতিমার মুখ এতটাই নিপুণ ছিল যে তিনি তা নকল করার জন্য চুরি করেছিলেন। বাপি পাল বলেন, “এই ধরনের দুর্গার মুখ অন্য কোনো শিল্পী তৈরি করতে পারে না। আমাদের কারিগরি চুরি করার জন্যই এই কাজ করা হয়েছে।” খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, অভিযোগ দায়ের হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।