দুর্গাপূজার আগে খুশির খবর! নদীয়ার ৭০০ কিমি রাস্তা সংস্কারের উদ্যোগ, উপকৃত হবেন লক্ষ লক্ষ মানুষ

দুর্গাপূজা আসতে আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই নদিয়া জেলার মানুষের জন্য দারুণ সুখবর নিয়ে এল জেলা প্রশাসন। জেলার ৪৪৬টি বেহাল রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কাজে প্রায় ২৩৮ কোটি টাকা খরচ হবে বলে জানা গেছে। এই রাস্তাগুলো মেরামত করা হলে প্রায় ৭০০ কিলোমিটার রাস্তা মসৃণ হবে।

জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে জেলার বিভিন্ন প্রান্তের প্রায় ৫০৬টি বেহাল রাস্তা সংস্কারের জন্য আবেদন জমা পড়েছিল। সেই আবেদনগুলো খতিয়ে দেখার জন্য অতিরিক্ত জেলাশাসক নিজে বাইকে চেপে রাস্তা পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। সমীক্ষায় দেখা যায়, এর মধ্যে ৪৪৬টি রাস্তার অবস্থা খুবই খারাপ এবং জরুরি ভিত্তিতে সেগুলো মেরামত করা প্রয়োজন।

পুজোর আগেই শেষ হবে কাজ?
প্রশাসনিক আধিকারিকরা ইতিমধ্যেই ২৩৮ কোটি টাকার একটি খসড়া বাজেট তৈরি করে গ্রামোন্নয়ন দফতরে জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আর্থিক অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু হবে। জেলা প্রশাসনের এই উদ্যোগে স্থানীয় বাসিন্দারা ভীষণ খুশি। এর ফলে জেলার কয়েক লক্ষ মানুষ উপকৃত হবেন।