পরিবেশ দূষণ রোধে ‘কার্বনখেকো’ গাড়ি বানালো শিক্ষার্থীরা

অভিনব এক বিদ্যুচ্চালিত গাড়ি বানিয়েছে নেদারল্যান্ডসের ‘আইন্ডহোভেন ইউনিভার্সিটি অফ টেকলোলজি’র শিক্ষর্থীরা। চোখের দেখায় বিএমডব্লিউ কুপ অথবা অন্য কোনো ব্র্যান্ডের তৈরি স্পোর্টসকারের মতো মনে হলেও, কাজের হিসেবে গাড়িটি ‘কার্বনখেকো’।

জীবাশ্মজ্বালানীনির্ভর গাড়িগুলো যখন জলবায়ু পরিবর্তন নিয়ে শঙ্কিতদের মাথাব্যথার অন্যতম প্রধান কারণ, সেখানে ডাচ শিক্ষার্থীদের তৈরি গাড়িটির ভূমিকা একেবারেই উল্টো। যতোটা তৈরি করে, তার চেয়ে বেশি কার্বন শোষণ করবে জেম (ZEM)।

নির্মাণের উদ্দেশ্য ব্যাখ্যা করে টিইউ/ইকোমোটিভ-এর অর্থ ব্যবস্থাপক ইয়েনস লাহাইয়ে বলেন, “আমাদের লক্ষ্যই হচ্ছে আরও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা।”

রয়টার্স জানিয়েছে, পুরো নাম ‘দ্য জিরো এমিশন মোবিলিটি কার’-এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে জেম।

দুই আসনের গাড়িটি চলে ক্লিনট্রন লিথিয়াম-আয়ন ব্যাটারিতে। আর গাড়ির সিংহভাগ যন্ত্রাংশ নির্মাণ করা হয়েছে থ্রিডি প্রিন্টারে, রিসাইকল করা প্লাস্টিক দিয়ে।

গাড়িটির উৎপাদন থেকে শুরু করে জীবদ্দশার শেষ পর্যন্ত যতোটা কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হওয়ার কথা, তার চেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড বাতাস থেকে শুষে নেবে– এমন পরিকল্পনাই করেছেন আইন্ডহোভেন ইউনিভার্সিটি অফ টেকনোলজির শিক্ষার্থীরা।

পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিশেষ ফিল্টারের নকশাও করেছেন তারা। এক্ষেত্রে পরিকল্পনা খুবই সোজাসাপ্টা; গাড়িটি চলমান অবস্থায় বাতাসের কার্বন ডাইঅক্সাইড ধরা পড়তে থাকবে বিশেষ ফিল্টারে।

ব্যাটারি চালিত যান থেকে কোনো কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হয় না বললেই চলে। কিন্তু ব্যাটারি সেল উৎপাদনে যে পরিবেশ দূষণ হয়, তা জীবাশ্ম জ্বালানী নির্ভর যানের সমতূল্য, এমনকি ক্ষেত্রবিশেষে বেশিও হতে পারে। এর ফলে কার্বন দূষণের ক্ষেত্রে ভারসাম্য আনতে বিদ্যুচ্চালিত গাড়িগুলোকে কয়েক হাজার মাইলের বেশি দূরত্ব পাড়ি দিতে হয়।

রয়টার্স জানিয়েছে, বাতাস থেকে কার্বন শুষে নেওয়ার জন্য দুটি ফিল্টার আছে জেম-এ। গাড়িটি ২০ হাজার মাইল চালানো হলে ফিল্টারগুলো দুই কেজি পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড শুষে নিতে পারবে বলে ধারণা করছেন আইন্ডহোভেনের শিক্ষার্থীরা।

একটা সময়ে বিদ্যুচ্চালিত গাড়ির চার্জিং স্টেশনেই ফিল্টার খালি করার সুযোগ থাকবে– এমন ভবিষ্যতের কথাও ভাবছেন তারা।

রয়টার্স জানিয়েছে, এ মুহুর্তে যুক্তরাষ্ট্রে জেম নিয়ে প্রচারণা চালাচ্ছেন এর নির্মাতা শিক্ষার্থীরা। দেশটির পূর্ব উপকূল থেকে সিলিকন ভ্যালি পর্যন্ত বিভিন্ন যায়গায় গাড়িটি প্রদর্শন করছেন তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *