বাংলা, হিন্দি, গুজরাটি বিতর্ক যখন তুঙ্গে, তখন সংস্কৃতে শপথ নিয়ে কী বার্তা দিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল

যখন দেশজুড়ে ভাষা নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, ঠিক তখনই এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের নবনিযুক্ত রাজ্যপাল আচার্য দেবব্রত। সোমবার মুম্বইয়ের রাজভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি হিন্দি, মারাঠি বা ইংরেজি নয়, বরং সংস্কৃতে শপথ নিলেন। মুম্বই হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখরের উপস্থিতিতে এই শপথ গ্রহণ সম্পন্ন হয়।
আচার্য দেবব্রতের এই পদক্ষেপটি তাৎপর্যপূর্ণ, কারণ সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজ্যে ভাষাগত অস্মিতা এবং প্রাদেশিকতার বিতর্ক ক্রমশ বাড়ছে। এই আবহে সংস্কৃতে শপথ নিয়ে তিনি ভারতের বহু পুরোনো ঐতিহ্য এবং সাংস্কৃতিক ঐক্যের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন বলে মনে করছেন অনেকে।
শপথ গ্রহণ অনুষ্ঠানে যা ঘটল:
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সহ উচ্চপদস্থ কর্মকর্তারা। পুরো অনুষ্ঠানটি শুরু হয় জাতীয় সংগীত দিয়ে এবং পুলিশ ব্যান্ডের পরিবেশনায় রাজ্য সংগীতও গাওয়া হয়। পরিশেষে আবারও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
এর আগে আচার্য দেবব্রত গুজরাটের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে তিনি হিমাচল প্রদেশের রাজ্যপাল হিসেবেও কাজ করেছেন। ইতিহাস, হিন্দি, যোগ বিজ্ঞান এবং নিউরোপ্যাথিতে তার উচ্চতর ডিগ্রি রয়েছে।