TMC নেতা খুনে সাক্ষীকে গুলি করে খুনের চেষ্টা, গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি

মালদহের ইংরেজবাজার থানা এলাকায় ফের রাজনৈতিক হিংসার ঘটনা ঘটল। রবিবার রাতে এক তৃণমূল নেতা খুনের মামলার প্রধান সাক্ষীকে গুলি করে খুনের চেষ্টা করা হয়েছে। গুলিবিদ্ধ ওই তৃণমূল কর্মীর নাম আতিকুল মোমিন (৩৩)। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় রাজনীতিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই তৃণমূল নেতা আবুল কালাম আজাদকে খুনের ঘটনায় আতিকুল মোমিন প্রধান সাক্ষী ছিলেন। অভিযোগ, সে সময় তৃণমূল নেতা মাইনুল শেখ ও তার ছেলে সাহিদ শেখ এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল। সেই মামলার সাক্ষ্য না দেওয়ার জন্য আতিকুলকে বারবার হুমকি দেওয়া হচ্ছিল এবং মোটা অঙ্কের টাকাও প্রস্তাব করা হয়েছিল। কিন্তু তিনি রাজি না হওয়ায় রবিবার রাতে বানিয়া গ্রাম থেকে বাড়ি ফেরার সময় সাহিদ শেখ ও তার সঙ্গীরা বাইকে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। আতিকুলের পিঠে গুলি লাগে।
আক্রান্তের পরিবার এই হামলার জন্য সরাসরি মাইনুল শেখের ছেলে সাহিদ শেখকে দায়ী করেছে। আতিকুলের ভাই আশফাক মোমিন বলেন, “আমার দাদাকে অনেক টাকা দিয়েও ওদের প্রস্তাব মেনে নিতে পারেনি, তাই ওরা ওকে খুন করার চেষ্টা করেছে।” আতিকুলের স্ত্রী লাকি বিবি অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। রাজনৈতিক মহলে এই হামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।