বাড়িতে সার দিয়ে রাখা বাইক, পুলিশ তদন্তে নামতেই ফাঁস হলো বৃদ্ধের সমস্ত কূ-‘কীর্তি

হুগলির চণ্ডীতলায় এক চাঞ্চল্যকর ঘটনায় পুলিশের হাতে ধরা পড়ল এক চোরাই কারবারি। বন্ধকী ব্যবসার আড়ালে চোরাই মোটরবাইক এবং অন্যান্য মূল্যবান জিনিস পাচারের অভিযোগে চাঁদ বাবু নামের এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি থেকে বিপুল পরিমাণ চোরাই সামগ্রী উদ্ধার করা হয়েছে। চণ্ডীতলা থানার এসডিপিও তমাল সরকার সাংবাদিক বৈঠকে এই খবর নিশ্চিত করেছেন।

পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে চণ্ডীতলার গরলগাছা এলাকার বরুজহাটিতে চাঁদ বাবুর বাড়িতে অভিযান চালায়। অভিযানে আটটি বাইক, একটি টোটো, ১২ গ্রাম সোনা ও ১৮৫ গ্রাম রুপোর গয়না, ছয়টি মোবাইল ফোন এবং নগদ ১ লক্ষ ৭২ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কোনও জিনিসেরই বৈধ কাগজপত্র দেখাতে পারেননি ওই বৃদ্ধ। জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি এই চোরাই জিনিসগুলো বন্ধক রেখে চড়া সুদে টাকা ধার দিতেন এবং পরে সেগুলো অন্যত্র পাচার করে দিতেন।

পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে দুষ্কৃতীদের সরাসরি যোগাযোগ রয়েছে। ধৃত চাঁদ বাবুকে শ্রীরামপুর আদালতে পেশ করে ১৪ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই কারবারে জড়িত আরও কাদের যোগ রয়েছে, তা খতিয়ে দেখা হবে। হুগলি গ্রামীণ পুলিশ জানিয়েছে, এ ধরনের বেআইনি কাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে, উদ্ধার হওয়া জিনিসপত্রের মালিকদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে।