পহেলগাঁও হামলার বদলা, পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল ভারত

জম্মু ও কাশ্মীরর পহেলগাঁওতে জঙ্গি হামলার পর বাইশ গজে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নেমেছিল ভারত, যা নিয়ে দেশজুড়ে ছিল মিশ্র প্রতিক্রিয়া। কিন্তু মাঠে নামার পর ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্স সেই প্রতিক্রিয়ার জবাব দিল। হার্দিক পান্ডিয়ার প্রথম বলেই উইকেট তুলে নেওয়ার পর থেকেই শুরু হয় ভারতের আক্রমণ। শেষ পর্যন্ত পাকিস্তান মাত্র ১২৭ রান করে। জবাবে ভারত ৭ উইকেটে জয় তুলে নিয়ে সুপার ফোর নিশ্চিত করে।
পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার শুরু থেকেই ভারতীয় দলের মনোভাব ছিল আক্রমণাত্মক। টসের পর ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানের অধিনায়ক সলমন আঘার সঙ্গে করমর্দন এড়িয়ে যান। টস জিতে পাকিস্তান প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়, কিন্তু হার্দিক পান্ডিয়ার প্রথম বলে উইকেট পতনের পর পাকিস্তানের ইনিংসে বিপর্যয় শুরু হয়। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে পাকিস্তান। কুলদীপ যাদব তার স্পিনের জাদু দেখিয়ে তিনটি মূল্যবান উইকেট তুলে নেন এবং অক্ষর প্যাটেল ও জসপ্রীত বুমরা দুটি করে উইকেট নেন। শেষ পর্যন্ত পাকিস্তানের ইনিংস ৯ উইকেটে ১২৭ রানে শেষ হয়।
জবাবে ভারত ১০ রানে শুভমান গিলের উইকেট হারালেও, অভিষেক শর্মা ১৩ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের জয়ের পথ প্রশস্ত করেন। এরপর অধিনায়ক সূর্যকুমার যাদব এবং তিলক বর্মার ৫৬ রানের জুটি ভারতের জয় নিশ্চিত করে। সূর্যকুমার ৩৭ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন। শিবম দুবেকে সঙ্গে নিয়ে তিনি ১৮.৫ ওভারে দলের জয় নিশ্চিত করেন। এই জয়ের ফলে ভারত সুপার ফোরের জন্য যোগ্যতা অর্জন করেছে। আগামী ১৯ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলবে ‘মেন ইন ব্লু’।