ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, এখন ভিডিওর ভিউজ বাড়বে ৩ গুণ!

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব এবার কনটেন্ট ক্রিয়েটরদের আয় বাড়ানোর জন্য একটি নতুন ফিচার নিয়ে এসেছে। এতদিন বিভিন্ন ভাষার দর্শকদের কাছে পৌঁছানোর জন্য আলাদা চ্যানেল বা সাবটাইটেলের ওপর নির্ভর করতে হতো, কিন্তু এখন থেকে সেই সমস্যা দূর হবে। ইউটিউব আনুষ্ঠানিকভাবে মাল্টি ল্যাঙ্গুয়েজ অডিও ডাবিং ফিচার চালু করেছে। এর ফলে কনটেন্ট ক্রিয়েটররা একই ভিডিওতে বিভিন্ন ভাষার অডিও ট্র্যাক যোগ করতে পারবেন।
ইউটিউবের ব্লগ পোস্টে জানানো হয়েছে, এই ফিচারটি বিশ্বব্যাপী চালু করা হয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে এর পরীক্ষা-নিরীক্ষা চলছিল। ইউটিউবের মতে, এই ফিচারটি ব্যবহার করে দেখা গেছে যে, মোট ওয়াচ টাইমের প্রায় ২৫ শতাংশ এমন দর্শকদের কাছ থেকে এসেছে যাদের প্রাথমিক ভাষা ভিডিওর ভাষার চেয়ে আলাদা। বিখ্যাত ক্রিয়েটর শেফ জেমি অলিভার এই ফিচার ব্যবহার করে তার ভিডিওর ভিউ তিন গুণ বাড়িয়েছেন। এর মাধ্যমে ক্রিয়েটরদের খরচও কমবে।
তবে এই ফিচারটি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে ডাবিং করা যায় না। ক্রিয়েটরদের নিজেদেরকেই বিভিন্ন ভাষায় অডিও রেকর্ড করতে হবে। এরপর ইউটিউবের সাবটাইটেল এডিটর টুল ব্যবহার করে ভিডিওটি আপলোড করতে হবে। সবচেয়ে বড় সুবিধা হলো, আগে থেকে প্রকাশিত ভিডিওতেও এই নতুন অডিও ট্র্যাক যুক্ত করা যাবে। ফলে আলাদা চ্যানেল তৈরি করার প্রয়োজন হবে না। ইউটিউবের এই সমন্বিত টুলটি পুরো প্রক্রিয়াটিকে সহজ ও সাশ্রয়ী করে তুলেছে, যা ভিডিওর দর্শকদেরও অনেক সুবিধা দেবে।