‘সনাতন ধর্মকে ছোট করেছেন’, দিশার বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর পর কেন এমন দাবি গ্যাংস্টারের

বলিউড অভিনেত্রী দিশা পাটানির উত্তরপ্রদেশের বারেইলির সিভিল লাইনের বাড়িতে গুলি চালানোর দায় স্বীকার করেছে গ্যাংস্টার রোহিত গোদরা। বৃহস্পতিবার রাতে তাঁর বাড়ি লক্ষ্য করে দুই রাউন্ড গুলি চালানো হয়েছিল। এরপর গ্যাংস্টার তার সোশ্যাল মিডিয়া পোস্টে এই ঘটনার দায় স্বীকার করে সমগ্র বলিউডকে হুঁশিয়ারি দিয়েছে।
পোস্টে কী লেখা হয়েছে?
গ্যাংস্টার রোহিত গোদরা তার পোস্টে লিখেছে, “আমরা দুই ভাই, বীরেন্দ্র চরণ এবং মহেন্দ্র চরণ বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়ির সামনে গুলি চালিয়েছি। কারণ এই অভিনেত্রী আমাদের সাধু প্রেমানন্দ জি মহারাজ এবং অনিরুদ্ধাচার্য মহারাজকে অপমান করেছেন। আমাদের সনাতন ধর্মকে ছোট করেছেন। আমাদের দেবদেবীদের অসম্মান সহ্য করা হবে না। এরপর যদি পাটানি বা অন্য কেউ আমাদের ধর্মকে অসম্মান করে তাহলে তাঁদের বাড়ির কেউ বেঁচে থাকবে না।”
এই পোস্টটি ‘জয় শ্রী রাম’ দিয়ে শুরু হয়েছে এবং এতে দিশা পাটানিকে তার কথিত ধর্মীয় মন্তব্যের জন্য আক্রমণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সোশ্যাল মিডিয়ার পোস্টটির সত্যতা যাচাই করা হচ্ছে। এই ঘটনাটি বলিউডে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।