যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের রহস্য! ফেস্ট চলাকালীন মৃত অবস্থায় উদ্ধার ছাত্রী, বাড়ছে রহস্য

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আবারও রহস্যজনক ঘটনা। ক্যাম্পাসে চলা একটি ফেস্টের সময় অচৈতন্য অবস্থায় এক ছাত্রীকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ফের একবার চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে।

মৃত ছাত্রী ইংরেজি স্নাতকের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর সহপাঠীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের ‘রুহানিয়াত’ ফেস্ট চলাকালীন এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, ওই ছাত্রী কোনোভাবে ঝিলের জলে পড়ে গিয়েছিলেন। কিন্তু এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ খতিয়ে দেখছে, ছাত্রীটি নিজেই ঝাঁপ দিয়েছিলেন নাকি তাঁকে কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছিল।

জানা গেছে, ফেস্ট চলাকালীন ঝিলের পাড়ে বসে কিছু শিক্ষার্থী নেশা করছিল। সহপাঠীদের একাংশের দাবি, ওই ছাত্রীও সেই সময় সেখানে উপস্থিত ছিলেন। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনো স্পষ্ট নয়। পুরো ঘটনাটি দুর্ঘটনা, আত্মহত্যা না অন্য কিছু— তা নিয়ে দানা বাঁধছে রহস্য। পুলিশ তদন্ত শুরু করেছে এবং ছাত্রীর সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে পরপর এমন ঘটনায় অনেকেই উদ্বিগ্ন।