ভোটের মুখে বাড়ছে উত্তেজনা, প্রকাশ্য রাস্তায় গুলি করে হত্যা RJD নেতাকে

ভোটমুখী বিহারের রাজধানী পাটনায় ফের প্রকাশ্যে খুনের ঘটনা ঘটেছে। বুধবার রাতে পাটনার চিত্রগুপ্ত নগর থানার মুন্না চক এলাকায় রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুষ্কৃতীরা। এই ঘটনায় পুরো এলাকায় তীব্র উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

পুলিশ সূত্রে খবর, নিহত নেতার নাম রাজকুমার ওরফে আলা রাই। তিনি বৈশালীর রাঘোপুর এলাকার বাসিন্দা। বুধবার রাতে নিজের বোলেরো গাড়িতে করে বাড়িতে ফেরার সময় এই ঘটনা ঘটে। তাঁর বাড়ির কাছেই ওত পেতে ছিল দুই দুষ্কৃতী। রাজকুমার গাড়ি থেকে নামতেই তারা তাঁকে ধাওয়া করে এবং পিঠে গুলি করে। আহত অবস্থায় তিনি একটি দোকানে ঢুকে পড়লেও, দুষ্কৃতীরা দোকানের বাইরে থেকে তাকে লক্ষ্য করে ৭ থেকে ৮ রাউন্ড গুলি চালায়।

গুলি চলার আওয়াজ শুনে স্থানীয়রা এবং রাজকুমারের পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে চিত্রগুপ্ত নগর এবং পত্রকার নগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের সহায়তায় রাজকুমারকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি তাজা গুলি এবং তিনটি খালি কার্তুজের খোল উদ্ধার করেছে। রাজকুমারের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা করছে।

তবে, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ জমি সংক্রান্ত বিবাদ নাকি রাজনৈতিক গোলমালের জেরে এই খুন হয়েছে, তা খতিয়ে দেখছে।

ভোটের মরসুমে বিহারে অপরাধের সংখ্যা ক্রমেই বাড়ছে। জুলাই মাসে হাসপাতালে ঢুকে এক গ্যাংস্টারকে খুন করা হয়েছিল, একই দিনে খুন হয়েছিলেন একজন জেডিইউ নেতাও। জুলাই মাসের প্রথম ১৫ দিনে বিহারে খুনের সংখ্যা ৫০ ছাড়িয়ে গিয়েছিল। এবার এক রাজনৈতিক নেতার প্রকাশ্যে খুন স্বাভাবিকভাবেই ভোটের আগে বিহারের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত করে তুলেছে।