সতর্ক থাকুন, আগামী ৫ দিন ধরে দেশের বিভিন্ন রাজ্যে প্রবল বৃষ্টির পূর্বাভাস

ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD) দেশের বিভিন্ন রাজ্যে আগামী পাঁচদিন ধরে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। উত্তর-পূর্ব ভারত, পূর্ব ও মধ্য ভারত, উত্তর-পশ্চিমাঞ্চলের পাহাড়ি রাজ্য এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে লাগাতার বৃষ্টিপাত চলবে বলে জানানো হয়েছে।

কোন রাজ্যে কেমন বৃষ্টি?
উত্তর-পূর্ব ভারত: ৯ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও অতিভারী বৃষ্টি হতে পারে।

পূর্ব ও মধ্য ভারত: বিহারে ৯ থেকে ১২ সেপ্টেম্বর এবং ওড়িশায় ১০ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মধ্যপ্রদেশে ৯ ও ১০ সেপ্টেম্বর এবং ছত্তিশগড়ে ৯ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বিদর্ভ অঞ্চলে ১১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে।

পশ্চিমবঙ্গ ও সিকিম: উপ-হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ৯ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ৯ ও ১০ সেপ্টেম্বর অতিভারী বৃষ্টির আশঙ্কা আছে।

উত্তর-পশ্চিম ভারত: পূর্ব উত্তর প্রদেশে ১১, ১২ ও ১৫ সেপ্টেম্বর এবং পশ্চিমাংশে ১২ সেপ্টেম্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশে ১৩ সেপ্টেম্বর থেকে বৃষ্টি শুরু হতে পারে, আর উত্তরাখণ্ডে ১২ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ ভারত: তামিলনাড়ুতে ৯ থেকে ১১ সেপ্টেম্বর, কেরল-মাহেতে ৯ ও ১০ সেপ্টেম্বর এবং কর্ণাটকে ৯ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি হতে পারে। উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় ৯ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

সতর্কতা জারি
আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট রাজ্যগুলোর বাসিন্দা এবং স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাহাড়ি এলাকায় অতিভারী বৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকি এবং নিচু এলাকায় জল জমার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।