বাংলা সহ দেশজুড়ে SIR কবে? কী ধরনের ডকুমেন্ট লাগবে? জেনেনিন বড় আপডেট

বিহারের পরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। এই গুরুত্বপূর্ণ সময়ে জাতীয় নির্বাচন কমিশন (ECI) ভোটার তালিকা সংশোধনের (Special Intensive Revision বা SIR) প্রক্রিয়া শুরুর ঘোষণা করেছে। অক্টোবর মাস থেকে দেশজুড়ে এই প্রক্রিয়া শুরু হবে।

দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (CEO) সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশন নির্দেশ দিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব রাজ্যের CEO-কে SIR সম্পর্কিত যাবতীয় নথিপত্র যাচাইয়ের কাজ সম্পন্ন করতে হবে। এরপরই আনুষ্ঠানিকভাবে অক্টোবর থেকে শুরু হবে SIR।

নির্বাচন কমিশনের মতে, SIR প্রক্রিয়ার মাধ্যমে শুধু নতুন ভোটার তালিকা আপডেট হবে না, বরং পুরো নির্বাচন প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস আরও বাড়বে। ECI সব রাজ্যকে ভোটার যাচাইয়ের জন্য স্থানীয়ভাবে স্বীকৃত এবং সহজলভ্য নথির তালিকা তৈরির নির্দেশ দিয়েছে। প্রতিটি রাজ্যের স্থানীয় চাহিদা অনুযায়ী ভিন্ন ধরনের নথি গ্রহণযোগ্য হবে। যেমন:

আদিবাসী সংখ্যাগরিষ্ঠ রাজ্যে: বিশেষ শংসাপত্র।

উত্তর-পূর্ব সীমান্তবর্তী রাজ্যে: ভিন্ন ধরনের পরিচয়পত্র।

সমুদ্রতীরবর্তী রাজ্যে: আবাসন বা পরিচয়ের বিশেষ নথি।

সংশোধনের প্রথম ধাপ

এর আগে, ২৫ জুন থেকে SIR প্রক্রিয়ার প্রথম ধাপ শুরু হয়েছিল। ১ আগস্ট প্রকাশিত খসড়া ভোটার তালিকায় ৭ কোটি ২৪ লক্ষ নাম ছিল, যা আগের তালিকার চেয়ে ৬৫ লক্ষ কম। ১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত নতুন নাম তোলা, নাম বাদ দেওয়া এবং সংশোধনের জন্য মোট ১৯ লক্ষ ১০ হাজার ৮৬০টি আবেদন জমা পড়েছে।

এই SIR প্রক্রিয়া সম্পন্ন হলে নির্বাচনের জন্য একটি আরও নির্ভুল এবং আধুনিক ভোটার তালিকা তৈরি হবে, যা আসন্ন বিধানসভা নির্বাচনের সুষ্ঠু পরিচালনায় সহায়ক হবে।