তেল, সাবান, শ্যাম্পুর দাম কমবে কবে? জেনেনিন কি বলছে FMCG -সংস্থার প্রধান

কেন্দ্রের নতুন জিএসটি (GST) কাঠামো অনুযায়ী, ২২ সেপ্টেম্বর থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর এক ধাক্কায় অনেকটাই কমছে। টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, পাউডার, তেলসহ বহু পণ্য এখন ৫% জিএসটি স্ল্যাবের অন্তর্ভুক্ত। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কবে থেকে ক্রেতারা এই দাম কমার সুবিধা পাবেন?
বিভিন্ন FMCG (Fast-Moving Consumer Goods) সংস্থার কর্মকর্তারা এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন। তাঁদের মতে, জিএসটি কমার ফলে পণ্যের দাম কমবে, যা বাজারে চাহিদা বাড়াবে এবং অর্থনীতির জন্য ইতিবাচক হবে। গোদরেজ কনজ়িউমার প্রোডাক্টসের (GCPL) এমডি সুধীর সৎপতি জানিয়েছেন, আয়করের ঊর্ধ্বসীমা বৃদ্ধি এবং জিএসটি হ্রাস— এই দুই কারণে ভোগ্যপণ্যের চাহিদা ব্যাপক বাড়বে।
জিএসটি হ্রাসের প্রভাব
সুধীর সৎপতি সাবান পণ্যের উদাহরণ দিয়ে ব্যাখ্যা করেছেন যে, কীভাবে জিএসটি কমার কারণে সাধারণ মানুষ লাভবান হবেন। তাঁর মতে, সাবানের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমলে গ্রাহকের কিছু টাকা সাশ্রয় হবে। এই সাশ্রয় করা টাকা দিয়ে ওই পরিবার অন্য কোনো পণ্যের চাহিদা মেটাতে পারে। এর ফলে, জিএসটি কমে যাওয়া পণ্যগুলো অন্যান্য সেক্টরের চাহিদাও বাড়াতে সাহায্য করবে।
কবে থেকে কম দামে পাবেন?
হঠাৎ করে নতুন জিএসটি কাঠামো চালু হওয়ায় স্বল্প সময়ের জন্য কিছু সমস্যা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। সুধীর সৎপতি জানান, FMCG পণ্যের ক্ষেত্রে এমআরপি (MRP) অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন সংস্থা ও ডিলারদের কাছে যে পুরোনো স্টক রয়েছে, সেগুলোতে আগের জিএসটি কাঠামো অনুযায়ী দাম লেখা আছে। এই স্টক শেষ হতে কিছু সময় লাগবে।
তবে তাঁর ধারণা, আগামী মাসের প্রথম বা মাঝামাঝি সময় থেকে নতুন এমআরপি-এর পণ্য বাজারে চলে আসবে। তখন থেকেই ক্রেতারা কম দামে এসব নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে পারবেন। এর আগে, সেপ্টেম্বর মাসে পাইপলাইন অ্যাডজাস্টমেন্ট এবং স্টক পরিবর্তনের কারণে সামান্য সময় লাগতে পারে।