Brahmāstra: Part One-Shiva : ৪১০ কোটির সিনেমায় কার পারিশ্রমিক কত? জেনেনিন

বলিউডের খরার মৌসুমে আশার আলো দেখাচ্ছে সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। গত ৯ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার পর থেকে দর্শকের দারুণ সাড়া পাচ্ছে এটি। ইতোমধ্যে সিনেমাটির বিশ্বব্যাপী আয় ছাড়িয়ে গেছে ২৭০ কোটি টাকা।
অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার বাজেট ৪১০ কোটি টাকা। বিশাল এই বাজেটের বড় অংশ পেয়েছেন অভিনয়শিল্পীরা। সিনেমাটিতে অভিনয় করেছেন রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রায় প্রমুখ। এছাড়া বিশেষ একটি চরিত্রে আছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।
সিনেমাটির মুখ্য চরিত্রে আছেন রণবীর। বিভিন্ন সূত্র অনুযায়ী, তিনি ২৫ থেকে ৩০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন এই সিনেমার জন্য। গত জুলাই মাসে তার ‘শামশেরা’ সিনেমাটি মুক্তি পায়। সেটির জন্য তিনি পেয়েছিলেন ১৫ কোটি টাকা। অর্থাৎ ‘ব্রহ্মাস্ত্র’তে দ্বিগুণ অর্থ পেয়েছেন অভিনেতা।
আলিয়া ভাট এখন বলিউডের প্রথম সারির অভিনেত্রী। তার ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’র মতো নারীকেন্দ্রিক সিনেমা বক্স অফিসে হিট হয়েছে। ফলে পারিশ্রমিকের মাত্রাও উঁচু। তিনি এই সিনেমার জন্য পেয়েছেন ১২ কোটি টাকার মতো।
অমিতাভ বচ্চনের পারিশ্রমিক ওঠা-নামা করে ১০ থেকে ৩০ কোটি টাকার মধ্যে। এই সিনেমার জন্য তিনি নিয়েছেন ৮ কোটি টাকা। দক্ষিণী তারকা নাগার্জুনাকে দেখা গেছে সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে। তার পারিশ্রমিক ১১ কোটি টাকা।
‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় ভিলেনের ভূমিকায় বাজিমাৎ করেছেন বাঙালি নায়িকা মৌনি রায়। জানা গেছে, তিনি সিনেমাটির জন্য ৩ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন। তবে অতিথি চরিত্রে অভিনয়ের জন্য শাহরুখ খান কত নিয়েছেন, তা জানা যায়নি।