পুকুরে ভাসছে সদ্যোজাতর দেহ, গোঘাটে নৃশংস ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য

রবিবার সকালে পুকুরে সদ্যোজাত শিশুর দেহ ভাসতে দেখে তীব্র চাঞ্চল্য ছড়াল হুগলির গোঘাটে। স্থানীয় বাসিন্দারা সকালের নিত্যকর্মের জন্য পুকুরঘাটে গিয়ে এই মর্মান্তিক দৃশ্য দেখেন। এর পরই হইহই করে খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে।

কী ঘটেছিল?

ঘটনাটি ঘটেছে গোঘাটের ভেলাদিঘি এলাকায়। স্থানীয়দের কথায়, আজ সকাল সাড়ে ৬টা থেকে ৭টা নাগাদ এক মহিলা পুকুরে গিয়েছিলেন। তিনিই প্রথমে শিশুটির দেহ জলে ভাসতে দেখে চমকে ওঠেন। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করে আশপাশের লোকজনকে ডেকে আনেন। এরপর পুকুর পাড়ে মানুষের ভিড় জমতে শুরু করে।

খবর দেওয়া হয় গোঘাট থানার পুলিশকে। পুলিশ এসে শিশুটির দেহ উদ্ধার করে। স্থানীয়দের অনুমান, রাতের অন্ধকারে কেউ এই নৃশংস কাজটি করে গেছে।

এই অমানবিক ঘটনা ঘিরে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। কে বা কারা এই নিষ্ঠুর কাজ করল, তা নিয়ে প্রশ্ন উঠেছে সব মহলে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের খুঁজে বের করার চেষ্টা করছে।