বিজেপি করলে সামাজিক বয়কট, সাংসদকে পেটানোর নিদান!” সীমা ছাড়ালেন তৃণমূল বিধায়ক

: বিজেপি-কে কড়া ভাষায় আক্রমণ করতে গিয়ে সমস্ত সীমা ছাড়ালেন মালতিপুরের তৃণমূল বিধায়ক আবদুর রহিম বক্সী। শনিবার একটি জনসভা থেকে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, তাঁর এলাকায় কেউ বিজেপি করলে তাঁকে সামাজিক বয়কট করা হবে। এখানেই না থেমে তিনি বলেন, বিজেপির পতাকা ছিঁড়ে দেওয়া হবে এবং দলের সাংসদকেও পেটানো হবে।

ভিন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের উপর হামলা এবং বাংলা ভাষার অপমান নিয়ে মালতিপুরের এনায়েতনগরে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ব্লক তৃণমূল কংগ্রেস। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক আবদুর রহিম বক্সী। মঞ্চ থেকে তিনি শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে নাম না করে বলেন, “যে বিজেপি বিধায়ক পরিযায়ী শ্রমিকদের ‘বাংলাদেশি রোহিঙ্গা’ বলেছেন, তাঁর গলায় এমনভাবে অ্যাসিড ঢালব যাতে কণ্ঠ বন্ধ হয়ে যায়।”

বক্সী আরও বলেন, “বিজেপি শাসিত রাজ্যে বাংলার লোক খুন হচ্ছে। এখানে যারা বিজেপি করছেন, প্রতিবাদ করছেন না, তাঁদের বলছি, এলাকায় বিজেপি করা যাবে না। মানুষকে বলব বয়কট করুন। বিজেপির পতাকা ছিঁড়ে দিন।”

যে সময়ে বিধায়ক এই মন্তব্য করেন, সেই সময়েই চাঁচল থানায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু ২৪ ঘণ্টার অবস্থান বিক্ষোভে বসেছিলেন। তৃণমূল বিধায়ক এই কর্মসূচিকে ‘অগণতান্ত্রিক’ বলে মন্তব্য করেন এবং খগেন মুর্মুকেও পেটানোর হুমকি দেন।

যদিও পরে সংবাদমাধ্যমের কাছে নিজের মন্তব্যের স্বপক্ষে আবদুর রহিম বক্সী দাবি করেন, “আমি কোনও অগণতান্ত্রিক বক্তব্য রাখিনি।” এই মন্তব্যের জেরে বিজেপি তৃণমূলের তীব্র সমালোচনা করেছে।