চরম হট্টগোল বিধানসভা অন্দরে! মুখ্য সচেতক শঙ্কর ঘোষকে সাসপেন্ড, মার্শালের সঙ্গে ধস্তাধস্তি বিজেপির

পশ্চিমবঙ্গের বিধানসভায় বৃহস্পতিবার আবারও চরম উত্তেজনার সৃষ্টি হলো। মুখ্য সচেতক শঙ্কর ঘোষকে সাসপেন্ড করার পর বিধানসভার ভেতরেই তুমুল হট্টগোল ও ধস্তাধস্তি শুরু হয়। শঙ্কর ঘোষকে টেনে বাইরে বের করার চেষ্টা করলে বিজেপির বিধায়করা তাকে ঘিরে ধরেন এবং নিজেদের অবস্থানে অনড় থাকেন।

ঘটনার সূত্রপাত হয় যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষা ও বাঙালি হেনস্থা নিয়ে বক্তব্য রাখছিলেন। তার আগে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে বলার সুযোগ দেওয়া হয়, কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পর তার মাইক বন্ধ করে দেওয়া হয়। এর পরপরই মুখ্যমন্ত্রী বক্তব্য শুরু করলে শঙ্কর ঘোষ শুভেন্দু অধিকারীর সাসপেনশন নিয়ে স্লোগান দিতে শুরু করেন। তিনি প্রশ্ন তোলেন, কেন শুভেন্দুকে সাসপেন্ড করা হয়েছে এবং কেন এই বিষয়ে স্পিকার দু’রকমের বক্তব্য দিয়েছেন।

বারবার সতর্ক করার পরেও শঙ্কর ঘোষ থামেননি, ফলে স্পিকার তাকে সাসপেন্ড করার নির্দেশ দেন। কিন্তু শঙ্কর ঘোষ নিজের আসনে অনড় থাকেন এবং বিজেপি বিধায়করা তাকে ঘিরে ধরে নিরাপত্তা কর্মীদের বাধা দেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ওয়েলে নেমে আসেন এবং নিজের দলের বিধায়কদের শান্ত হয়ে নিজ নিজ আসনে বসার নির্দেশ দেন। এই ঘটনায় কিছু সময়ের জন্য বিধানসভার কার্যক্রম বন্ধ হয়ে যায়।