“সনাতন এসে গেছে…?”-অনির্বাণের গানে হিন্দু ধর্মের অপমান? BJP-র দাবি,’ইসলাম নিয়ে বলার….?

অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের ‘হুলিগানিজম’ ব্যান্ডের গান নিয়ে বিতর্ক এখনও চলছে। তারই মধ্যে তার একটি শোয়ের ভিডিও নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে গেরুয়া শিবির। ভিডিওটিতে অনির্বাণকে সনাতন ধর্ম নিয়ে কটাক্ষ করতে শোনা যাচ্ছে, যা নিয়ে ক্ষুব্ধ বিজেপি।

বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন, যদিও এর সত্যতা bangla.aajtak.in যাচাই করেনি। সেই ভিডিওতে অনির্বাণের কণ্ঠস্বর শোনা যাচ্ছে, যেখানে তিনি বলছেন, ‘সনাতন এসে গেছে? আর সনাতনী? সনাতন মানে সনাতন ভারতের কথা বলছি। আছে নাকি কেউ এখনও? সনাতনকে ভারতে পৌঁছতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। সবাই এগিয়ে যাচ্ছে, আমরা একটু পিছিয়ে যাব। চলুন সবাই মিলেই পিছিয়ে যাই।’

তরুণজ্যোতি তিওয়ারি এই মন্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক নেতাদের নিয়ে কথা বলছেন, এটা আপনার বাক-স্বাধীনতার মধ্যে পড়ে। কিন্তু গানের মধ্যে সনাতনী টানার মানে কী ছিল? এগুলো নিয়ে খিল্লি করার কারণ কী?’ তিনি আরও বলেন, ‘সাহস হবে নাকি ইসলাম নিয়ে বলার? বললে স্লোগান হবে সর তন…। আর বললাম না!’ ভবিষ্যতে এই ধরনের কথা বললে মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

এর আগে অনির্বাণের ‘তিন ঘোষ’কে নিয়ে লেখা একটি গানও বিতর্কের জন্ম দিয়েছিল। সেই গানে তিনি কুণাল ঘোষ, দিলীপ ঘোষ এবং শতরূপ ঘোষকে নিয়ে ব্যঙ্গ করেছেন। তৃণমূল, বিজেপি এবং সিপিএম— কোনো দলের নেতাই তার এই গানের বাইরে ছিলেন না। নিন্দুকরা বলেছেন, শতরূপকে টেনে এনে অনির্বাণ ‘ব্যালেন্স’ করার চেষ্টা করেছেন। অন্যদিকে, তার সমর্থকরা এই গানকে ‘বিপ্লব’ বলে আখ্যা দিয়েছেন। সমালোচকরা পাল্টা প্রশ্ন তুলেছেন, ‘বিপ্লব করতে হলে চাকরি দুর্নীতি বা আরজি কর নিয়ে গান বাঁধতে পারতেন অনির্বাণ।’

এই নতুন বিতর্ক নিয়ে এখনো পর্যন্ত অভিনেতা বা তার ব্যান্ডের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।