‘স্পিকারের ভয়েস রেকর্ডিংও তো তাই বলেছে…’— নিজের সাসপেনশন নিয়ে স্পিকারকে বিঁধলেন শুভেন্দু অধিকারী

রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাসপেনশন নিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দু’রকমের সিদ্ধান্তের প্রতিবাদে বিজেপি বিধানসভার প্রশ্নোত্তর পর্ব এবং মুখ্যমন্ত্রীর বক্তৃতা বয়কট করবে কি না, তা নিয়ে জল্পনা চলছিল। তবে শুভেন্দু অধিকারী এই বিষয়ে স্পষ্ট করে দিয়েছেন যে তারা আনুষ্ঠানিকভাবে বয়কট করেননি।

গত মঙ্গলবার বিধানসভা অধিবেশনের শেষ দিন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করার ঘোষণা করেন। স্পিকার প্রথমে বলেছিলেন, সাসপেনশনটি কেবল ওই দিনের জন্যই। কিন্তু পরে তিনি বাইরে এসে সাংবাদিকদের জানান, সাসপেনশনটি এই সেশন শেষ না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে। স্পিকারের এই দুই ভিন্ন মন্তব্যে ধোঁয়াশা তৈরি হয়েছে।

শুভেন্দু অধিকারী এই বিষয়ে বলেন, “অফিসিয়ালি বয়কট করিনি। স্পিকারের ভয়েস রেকর্ডিংও তো তাই বলেছে যে মঙ্গলবার পর্যন্ত সাসপেনশন। পরে টাইপ করে দিয়েছে।” তিনি আরও অভিযোগ করেন, “আসলে নেত্রীর (মমতা বন্দ্যোপাধ্যায়) নির্দেশ, বিরোধী দলনেতাকে বাইরে রাখবেন।”

শুভেন্দু অধিকারী বলেন, বিজেপি বিধায়করা বিধানসভার ভিতরে গিয়ে প্রমাণ করে দেবেন যে বিজেপিতে শুধু একজন শুভেন্দু নেই। অর্থাৎ, তারা অধিবেশনের বাকি পর্বে অংশ নেবেন। স্পিকারের এই আচরণকে বিজেপি অগণতান্ত্রিক বলে মনে করছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, স্পিকার কীভাবে বিধানসভার ভিতরে এক কথা এবং বাইরে আরেক কথা বলতে পারেন, তা পরিষ্কার নয়।

আজ বিধানসভার দ্বিতীয়ার্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষার ওপর আক্রমণের প্রতিবাদ নিয়ে বক্তৃতা রাখবেন। এই পর্বে বিজেপি অংশ নেবে কিনা, তা নিয়ে জল্পনা ছিল, তবে শুভেন্দুর বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে তারা এই আলোচনায় অংশ নেবেন।