বিধানসভা থেকে ফের সাসপেন্ড শুভেন্দু অধিকারী, প্রশ্নোত্তর পর্ব বয়কট করল বিজেপি!

আবারও রাজ্য বিধানসভায় সাসপেন্ড হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার অধিবেশনের শেষ দিনে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত ঘোষণা করেন। এই ঘটনার প্রতিবাদে বিজেপি পরিষদীয় দল বিধানসভার প্রশ্নোত্তর পর্ব বয়কট করেছে।

বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের লাইভ সম্প্রচারের কারণেই শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে। তিনি বলেন, প্রথমে স্পিকার জানিয়েছিলেন যে শুভেন্দুকে শুধুমাত্র ওই দিনের জন্যই সাসপেন্ড করা হয়েছে। কিন্তু পরে স্পিকার বাইরে এসে বলেন, এই সেশন চলাকালীন তিনি সাসপেন্ড থাকবেন।

এই বিষয়ে বিজেপি তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। তাদের বক্তব্য, স্পিকার কীভাবে বিধানসভার ভেতরে এক কথা বলেন এবং বাইরে এসে আরেক কথা বলেন, তা পরিষ্কার নয়। বিজেপি জানিয়েছে, যতক্ষণ না এই বিষয়টি পরিষ্কার হচ্ছে, ততক্ষণ তারা অধিবেশন কক্ষে প্রবেশ করবেন না।

বর্তমানে বিজেপি পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটি বৈঠক চলছে। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে যে, তারা অধিবেশনের দ্বিতীয়ার্ধে, যেখানে বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদ নিয়ে আলোচনা হবে, সেখানে অংশ নেবেন কিনা। এই পর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বক্তব্য রাখবেন। তবে বিধানসভার পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, শুভেন্দু অধিকারীকে শুধু ওই দিনের জন্য নয়, বরং গোটা অধিবেশন পর্বের জন্যই সাসপেন্ড করা হয়েছে।