‘পোষা কুকুরের মতো…’, মহিলা পুলিশকে অশালীন কটূক্তি বিজেপি বিধায়কের, দায়ের FIR

কর্ণাটকের বিজেপি বিধায়ক বিপি হরিশ অশালীন মন্তব্য করে আবারও বিতর্কের জন্ম দিয়েছেন। বুধবার একটি অনুষ্ঠানে দাভানগেরের মহিলা পুলিশ সুপার উমা প্রসাদকে ‘পোষা কুকুর’ বলে কটাক্ষ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে এবং বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

দাভানগেরেতে রিপোর্টার্স গিল্ডের একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বিজেপি বিধায়ক বিপি হরিশ মহিলা পুলিশ সুপারের বিরুদ্ধে তার ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “আমি একজন বিধায়ক, কিন্তু কোনো অনুষ্ঠানে আমাকে দেখলে ওই এসপি মুখ ঘুরিয়ে নেন। অথচ শামানুর পরিবারের সদস্যদের জন্য তিনি গেটের বাইরে সব সময়ে হাজির থাকেন। যেন তাঁদের বাড়ির পোমেরেনিয়ান কুকুর।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হরিশ কংগ্রেসের প্রবীণ নেতা শামানুর শিবশঙ্করাপ্পার পরিবারের কথা বলতে চেয়েছেন। শিবশঙ্করাপ্পা দাভানগেরে জেলায় অত্যন্ত প্রভাবশালী এবং তার ছেলে এসএস মল্লিকার্জুন বর্তমান সিদ্দারামাইয়া সরকারের মন্ত্রী। এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই হরিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

মহিলা পুলিশ কর্মকর্তা বা আমলাদের বিরুদ্ধে বিজেপি নেতাদের কটূক্তি করার ঘটনা কর্ণাটকে নতুন নয়। গত জুলাইয়ে বিজেপি নেতা এন রবি কুমার রাজ্য সরকারের মুখ্যসচিব শালিনী রাজনীশের উদ্দেশে অশালীন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন। একটি স্মারকলিপি জমা দিতে গিয়ে তিনি মুখ্যসচিবকে না পেয়ে বলেছিলেন, “সারাদিন তিনি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কাজ করেন আর রাতে সরকারের।” এর আগেও রবি কুমার কল্পুরগি জেলার ডেপুটি কমিশনার ফওজিয়া তারান্নুমকে ‘পাকিস্তানি’ বলে কটাক্ষ করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন।

বারবার এই ধরনের বিতর্কিত মন্তব্যের কারণে বিজেপির নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। একইসঙ্গে, এটি মহিলাদের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়েও বড় প্রশ্ন তুলে দিচ্ছে।