‘৮ বছর সময় লাগল?’-নতুন GST কে স্বাগত জানিয়েও কংগ্রেসের চিদম্বরমের প্রশ্ন

জিএসটি কাঠামোয় যুগান্তকারী বদলকে স্বাগত জানালেও কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করেছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। তাঁর প্রশ্ন, ‘এই সিদ্ধান্ত নিতে সরকারের আট বছর সময় লাগল কেন?’ বুধবার জিএসটি কাউন্সিলের ৫৬তম বৈঠকের পর অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ স্বাস্থ্যবিমা, জীবনবিমা, ক্যান্সার ও বিরল রোগের ওষুধের ওপর থেকে জিএসটি তুলে নেওয়ার মতো একাধিক বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
রাজ্যসভার সাংসদ পি চিদম্বরম নিজের ‘এক্স’ হ্যান্ডলে এই সিদ্ধান্তের জন্য স্বাগত জানালেও এর সময় নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন, “জিএসটি-র যে কাঠামো এতদিন ধরে চলে এসেছে, তা তো চালু করাই উচিত হয়নি। আট বছর ধরে আমরা এ নিয়ে বলে এসেছি, অথচ সরকার তা কানে তোলেনি।” এরপর তিনি সরাসরি প্রশ্ন ছুড়ে দেন, “তাহলে কি এবার বৃদ্ধির শ্লথ গতি, গৃহস্থের ঋণবৃদ্ধি, সঞ্চয়ে টান, বিহারের নির্বাচন, ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ—নাকি উপরের সবকটি কারণেই এই বদল?”
নতুন জিএসটি কাঠামো: সস্তা-দামি জিনিসের তালিকা
নতুন জিএসটি কাঠামোয় এখন থেকে তিনটি স্ল্যাব থাকবে: ৫%, ১৮% এবং ৪০%। পুরনো চারটি স্ল্যাব (৫%, ১২%, ১৮%, এবং ২৮%) থেকে ১২% ও ২৮% স্ল্যাব তুলে দেওয়া হয়েছে। এই নতুন ব্যবস্থা ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
৪০% জিএসটি-এর আওতায়: স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সফট ড্রিঙ্কস, সিগারেট, ব্যক্তিগত ব্যবহারের বিমান, ১২০০ সিসির বেশি পেট্রল ও ১৫০০ সিসির বেশি ডিজেল গাড়ি, ৩৫০ সিসির বেশি মোটরবাইক, এবং রেসিং কার।
১৮% জিএসটি-এর আওতায়: এসি, টিভি, ছোট গাড়ি, তিন চাকার গাড়ি এবং সব ধরনের গাড়ির যন্ত্রাংশ।
৫% জিএসটি-এর আওতায়: মাখন, লজেন্স, জেলি, ফলের রস, সাবান, শ্যাম্পু, তেল, বিস্কুট, কেক, সাইকেল, বাসন, রান্নাঘরের জিনিসপত্র, নুডলস, চকলেট, কফি, ছাতা, টুথব্রাশ, টুথপেস্ট, জিম ও বিউটি পার্লার পরিষেবা।
জিএসটি শূন্য: দুধ, পনির, ঘি, পাউরুটি, রুটি, চাপাটি, পিৎজা, টেক্সটবুক, নোটবুক, পেপার, গ্রাফ পেপার, ম্যাপ, রাবার, পেন্সিল এবং একাধিক জীবনদায়ী ওষুধ।