ইউক্রেন যুদ্ধ না থামালে কী হবে? পুতিনকে ফের কড়া হুমকি ট্রাম্পের, বললেন….

ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য আলাস্কার বৈঠকে কোনো সমাধান না হওয়ায় এবার আরও কড়া হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, যদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ না থামান, তাহলে মস্কোর বিরুদ্ধে আরও কঠিন নিষেধাজ্ঞা চাপানো হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “দেখবেন কী হয়।”
বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “প্রেসিডেন্ট পুতিনের জন্য আমার কোনও আলাদা বার্তা নেই। তিনি আমার অবস্থান সম্পর্কে অবগত। এখন তিনি একটি সিদ্ধান্ত নেবেন, যা হয় আমাদের খুশি করবে, অথবা অখুশি করবে। আর যদি আমরা অখুশি হই, তাহলে দেখবেন কী হয়।”
যুদ্ধ বন্ধ না হলে কী ধরনের পদক্ষেপ নেবেন, সে বিষয়ে ট্রাম্প সরাসরি কিছু না জানালেও, সম্প্রতি ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপানোর প্রসঙ্গ তুলে তিনি বলেন, “এটাকে অ্যাকশন বলছেন না? আমি এখনও দ্বিতীয় ও তৃতীয় ধাপের পদক্ষেপ নিইনি।” তিনি আরও জানান, খুব শিগগিরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলবেন এবং তাদের পরবর্তী পদক্ষেপ প্রায় চূড়ান্ত। হোয়াইট হাউস সূত্রে খবর, আজ বৃহস্পতিবার জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ফোনে কথা হওয়ার কথা।
আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু চলতি সপ্তাহে চীনের তিয়েনজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজোট হওয়াটা ট্রাম্পের জন্য নতুন উদ্বেগের কারণ হয়েছে।
ওই বৈঠকের পাশাপাশি পুতিন, শি জিনপিং এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি সামরিক প্যারেডেও অংশ নেন। সেখান থেকে পুতিন সরাসরি ঘোষণা করেন, শান্তি চুক্তি না হলে ইউক্রেনে যুদ্ধ চলতে থাকবে। পুতিনের এই কঠোর অবস্থান ট্রাম্পের মধ্যস্থতাকারীর ভূমিকাকে আবারও প্রশ্নের মুখে ফেলেছে।