চিড়িয়াখানায় ‘দাদাগিরি’ থেকে পামেলাকাণ্ড, জেনেনিন রাকেশের অতীতের কীর্তি কলাপ?

কলকাতার প্রদেশ কংগ্রেস অফিস বিধান ভবনে হামলার ঘটনায় অবশেষে গ্রেফতার হলেন বিজেপি নেতা রাকেশ সিং। মঙ্গলবার রাতে কলকাতার ট্যাংরা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় তার ছেলেসহ মোট চারজনকে আগেই গ্রেফতার করা হয়েছিল।

গত শুক্রবার, বিহারে কংগ্রেসের এক নেতার মন্তব্যের প্রতিবাদে কলকাতায় কংগ্রেসের সদর দফতর, বিধান ভবনে ভাঙচুরের অভিযোগ ওঠে। অভিযোগ, বিজেপি নেতা রাকেশ সিং তার অনুগামীদের নিয়ে এই হামলা চালান। ঘটনার সময় কংগ্রেসের কোনো শীর্ষ নেতা অফিসে উপস্থিত ছিলেন না। হামলাকারীরা অফিসের ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এই ঘটনার পরই পুলিশ রাকেশ সিং-সহ কয়েকজনের বিরুদ্ধে অস্ত্র আইনসহ একাধিক ধারায় মামলা দায়ের করে।

ঘটনার পর থেকেই রাকেশ সিং আত্মগোপনে ছিলেন। তবে তিনি সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় ছিলেন এবং ভিডিও বার্তার মাধ্যমে পুলিশের বিরুদ্ধে তার পরিবারকে হয়রানি করার অভিযোগ করেন। নিজের ছেলে শিবম সিং গ্রেফতার হওয়ার পর তিনি কলকাতা পুলিশ কমিশনারকে প্রকাশ্যে হুঁশিয়ারিও দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েন তিনি।

রাকেশ সিংয়ের অতীত বিতর্ক
রাকেশ সিং এর আগেও একাধিক বিতর্কে জড়িয়েছেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেত্রী পামেলা গোস্বামীর মাদক মামলায় তার নাম উঠে আসে। পামেলা গোস্বামী গ্রেফতার হওয়ার পর রাকেশ সিংয়ের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ তুলেছিলেন। পরে রাকেশ সিংকেও এই মামলায় গ্রেফতার করা হয় এবং নয় মাস পর তিনি জামিন পান। এছাড়াও, চিড়িয়াখানায় গোলমালসহ আরও কিছু বিতর্কে তার নাম জড়িয়েছিল।

বর্তমানে রাকেশ সিংকে শিয়ালদা আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনায় জড়িত অন্যদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ।