দু-জায়ের সঙ্গে চুটিয়ে প্রেম! একই বাড়ির দুই বউকে নিয়ে পালাল যুবক, ঘটনা ঘিরে ব্যাপক হৈচৈ

একই পরিবারের দুই গৃহবধূকে নিয়ে এক যুবক পালিয়ে যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাগদায়। আরও চাঞ্চল্যকর বিষয় হলো, পালিয়ে যাওয়ার আগে ওই দুই গৃহবধূ তাদের শ্বশুর, শাশুড়ি ও মেয়েদের চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিয়েছিল বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বাগদা ব্লকের মালিদা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাগদা ব্লকের মালিদা গ্রামের বাসিন্দা দুই ভাই, ইয়াসিন শেখ ও আনিসুর শেখের স্ত্রী যথাক্রমে কুলচান মল্লিক এবং নাজমা মন্ডলের সঙ্গে এলাকারই যুবক আরিফ মোল্লার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সোমবার সন্ধ্যায় গ্যারেজের কাজ থেকে বাড়ি ফিরে ছোট ভাই আনিসুর দেখেন, তাঁর বাবা-মা ও তিন মেয়ে অচেতন অবস্থায় পড়ে আছে। এদিকে, তাঁর স্ত্রী, বড় বৌদি এবং তাদের এক মেয়ে উধাও। কোনো সময় নষ্ট না করে তিনি বাবা-মা ও মেয়েদের বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।

জ্ঞান ফেরার পর বাবা-মা জানান, সোমবার সন্ধ্যায় আরিফ তাদের বাড়িতে এসেছিল। এর পরপরই দুই গৃহবধূ তাদের চায়ের সঙ্গে কিছু মিশিয়ে দেয়, যা পান করার পর তারা অচেতন হয়ে পড়েছিলেন।

আনিসুর শেখ বাগদা থানায় অভিযোগ দায়ের করে তার স্ত্রী ও বৌদিকে ফেরত পাওয়ার পাশাপাশি অভিযুক্ত আরিফের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তিনি জানান, এর আগেও আরিফ তার বড় বৌদি এবং স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়েছিল। সেবার সামাজিক লজ্জার ভয়ে তিনি স্ত্রীকে ফিরিয়ে এনেছিলেন। কিন্তু এবার শুধু স্ত্রী নয়, দুই বৌদিকে নিয়েই পালিয়ে গেল আরিফ। বাগদা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।