থানার সামনেই ‘অ্যাকশন’ সিনেমার মতো ঘটনা, পুলিশকে গুলি করে পালাল বিধায়ক

পুলিশের চোখে ধুলো দিয়ে পালানোর ঘটনা নতুন নয়। তবে এবার যা ঘটল, তা রীতিমতো সিনেমার দৃশ্যকেও হার মানায়। পাঞ্জাবের সানৌরের আম আদমি পার্টির বিধায়ক হরমিত পাঠানমাজরা পুলিশি হেফাজতে থাকাকালীন পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়েছেন। শুধু তাই নয়, তাকে ধরতে যাওয়া এক পুলিশ কর্মীকে দুটি এসইউভি গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
কী ঘটেছিল?
জানা গেছে, ধর্ষণে অভিযুক্ত বিধায়ককে মঙ্গলবার গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হচ্ছিল। ঠিক তখনই বিধায়কের সঙ্গীরা পুলিশের দিকে গুলি ছুড়তে শুরু করে। সেই সুযোগে বিধায়ক নিজেও গুলি চালান। এক পুলিশ সদস্য তাদের বাধা দিতে গেলে দুটি এসইউভি—একটি স্করপিও এবং একটি ফরচুনার—তাকে চাপা দিয়েই দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বিধায়কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
হরমিত পাঠানমাজরার বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা, এবং ভয় দেখানোর মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। সম্প্রতি এক বিবাহবিচ্ছিন্না মহিলা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, বিধায়ক নিজেকে বিবাহবিচ্ছিন্ন বলে পরিচয় দিয়ে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করেন এবং যৌন সুবিধা নেন। এমনকি তাকে নোংরা বার্তা পাঠানোরও অভিযোগ রয়েছে। এফআইআর থেকে জানা যায়, ২০১৩ সালে ওই মহিলার সঙ্গে হরমিতের সম্পর্ক হয় এবং তারা গোপনে গুরুদ্বারে বিয়েও করেছিলেন। কিন্তু নির্বাচনে দাঁড়ানোর সময় হলফনামায় তিনি তার প্রথম স্ত্রীর নাম উল্লেখ করলে তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়।
পুলিশ এখন পলাতক বিধায়ক, তার সঙ্গী এবং দুটি গাড়ির খোঁজে জোরদার তল্লাশি শুরু করেছে। এই ঘটনা পাঞ্জাবের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।