“দাদাগিরি চলবে না…”-মোদী-পুতিনকে পাশে নিয়েই কড়া বার্তা দিলেন জিনপিং, নিশানা ট্রাম্পকে?

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর চলতি বৈঠকের শুরু থেকেই আন্তর্জাতিক মহলে নানা জল্পনা চলছে। এই বৈঠকের প্রথম দিনেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একসঙ্গে দেখা যায়। তিন রাষ্ট্রনেতার উষ্ণ আলাপচারিতা এবং করমর্দনের ছবি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তেই কূটনৈতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে।

শি জিনপিংয়ের ‘বুলিয়িং’ মন্তব্য

এদিনের মূল অধিবেশনে সবার আগে বক্তব্য রাখেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি আন্তর্জাতিক মহলে কোনো দেশের ‘বুলিয়িং’ বা দাদাগিরির মনোভাবের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, বিশ্বের সব দেশের মধ্যে সহযোগিতা ও পারস্পরিক সম্মান থাকা উচিত। এসসিও-কে এই ধরনের পরিবেশ তৈরিতে এগিয়ে আসতে হবে। এমন সময়ে শি জিনপিংয়ের এই মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে, যখন আমেরিকা বাণিজ্য ক্ষেত্রে নানা ধরনের নিয়ম আনছে।

এসসিও-কে অর্থনৈতিক ভাবে শক্তিশালী করার বার্তা

শি জিনপিং জানান, এসসিও সদস্য দেশগুলোর সম্মিলিত অর্থনীতি প্রায় ৩০ ট্রিলিয়ন মার্কিন ডলারের সমান। চীন ইতিমধ্যেই এই দেশগুলোতে ৮৪ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে। তিনি দ্রুত একটি এসসিও ডেভলপমেন্ট ব্যাঙ্ক তৈরির প্রস্তাব দেন। এছাড়াও, আঞ্চলিক সমস্যা মোকাবিলায় নতুন নিরাপত্তা নীতি তৈরির আহ্বান জানান তিনি। মানুষের জীবনযাত্রার মান বাড়াতে তিনি এসসিও সদস্য দেশগুলোতে ১০০টি ছোট ছোট প্রকল্পের কথাও ঘোষণা করেন।

মোদী, শি এবং পুতিনের উষ্ণ মুহূর্ত

সম্মেলনের শুরুতেই নরেন্দ্র মোদী, শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিনের একসঙ্গে হাজির হওয়া এবং তাদের মধ্যে হাসিমুখের সংক্ষিপ্ত আলাপচারিতা কূটনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেকে মনে করছেন, এটি আমেরিকার জন্য একটি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে। এদিনের এই মুহূর্তের ছবি ভারতের প্রধানমন্ত্রী নিজের এক্স (X) হ্যান্ডেলেও শেয়ার করেছেন। তিনি পুতিনের সঙ্গে তার আলাদা কথোপকথনের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যতবারই দেখা হয়, দারুণ লাগে!’

আজকের বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং সদস্য দেশগুলোর মধ্যে সম্পর্ক আরও মজবুত করার বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা আছে।