জাপানের দারুমা পুতুল উপহার পেলেন প্রধানমন্ত্রী মোদী, জেনেনিন এর কাজ কী?

জাপান সফরে গিয়ে এক অসাধারণ উপহার পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত-জাপান শীর্ষ সম্মেলনের ফাঁকে টোকিওর বিখ্যাত দারুমা-জি মন্দিরের প্রধান পুরোহিত রেভারেন্ড সেইশি হিরোসে তাঁর হাতে তুলে দেন একটি দারুমা পুতুল। জাপানে এই পুতুলটি সৌভাগ্য, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে ধরা হয়। এই উপহারটি ভারত ও জাপানের মধ্যে বহু পুরনো সম্পর্ককে আরও মজবুত করল।

এই দারুমা পুতুলের সঙ্গে ভারতের একটি বিশেষ সম্পর্ক আছে। জাপানে এই পুতুলটিকে জেন বৌদ্ধধর্মের প্রতিষ্ঠাতা বোধিধর্মের প্রতীক হিসেবে দেখা হয়। ইতিহাসবিদরা বলেন, বোধিধর্ম ভারতের তামিলনাড়ুর কাঞ্চিপুরমের একজন বৌদ্ধ ভিক্ষু ছিলেন। তিনিই প্রথমে চীনে এবং পরে জাপানে গিয়ে বৌদ্ধধর্ম প্রচার করেছিলেন। সেখানে তিনি ‘দারুমা দাইশি’ নামে পরিচিত হন।

একটি প্রচলিত গল্প অনুযায়ী, বোধিধর্ম টানা নয় বছর ধ্যান করেছিলেন। সেই ঘটনা থেকেই দারুমা পুতুলের গোলাকার আকৃতির জন্ম হয়। এই আকৃতি তাঁর ধ্যানরত অবস্থায় ভাঁজ করা হাত-পায়ের প্রতীক।

জাপানে দারুমা পুতুল নিয়ে একটি সুন্দর বিশ্বাস আছে। যখন কেউ কোনো লক্ষ্য স্থির করে, তখন পুতুলের একটি চোখে রং করা হয়। আর সেই লক্ষ্য পূরণ হলে অন্য চোখটিতেও রং করা হয়। এই পুতুলটিকে সহজে উল্টে ফেলা যায় না, আর উল্টে গেলেও আবার সোজা হয়ে দাঁড়িয়ে যায়। এই কারণে এটি হার না মানা মনোভাবের প্রতীক।

জাপানিদের একটি বিখ্যাত প্রবাদ আছে, “সাতবার পড়ে যাও, আটবার উঠে দাঁড়াও।” এই প্রবাদটি এই পুতুলের মতোই, যা বারবার চেষ্টা করে সফল হওয়ার অনুপ্রেরণা দেয়।